৪০০ মিটারকে বোল্টের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী কুক্ষণেই না কথাটা বেরিয়ে গিয়েছিল উসাইন বোল্টের মুখ থেকে। বেইজিং অলিম্পিকে দানবীয় তিন কীর্তি গড়ার পর বলেছিলেন, ৪০০ মিটারটাও দৌড়াতে চান। ব্যস্। সেই থেকে সবাই তাঁর পিছু লেগে রয়েছে, ‘কবে দৌড়াবেন, কবে দৌড়াবেন?’বোল্টও এত দিন বলতেন, কিছুদিন পরই দৌড়াব। এবার ত্যক্ত-বিরক্ত হয়েই বোধহয় বলে দিলেন, ৪০০ মিটারে দৌড়াবেনই না। অন্তত নিকট ভবিষ্যতে ৪০০ মিটারে দৌড়াবেন না বিশ্বসেরা স্প্রিন্টার।২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪–১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন বিশ্ব রেকর্ড করে। সব সাফল্য স্প্রিন্টে এলেও বোল্টের দৌড়ের ভঙ্গিতে, বিশেষত স্টার্টিং বলে দেয়, মাঝারি পাল্লার দৌড়েও ভালো করার কথা তাঁর। এ কারণেই ৪০০ মিটারে দৌড়েও এই জ্যামাইকানের বিশ্ব রেকর্ড দেখার আশায় ছিল সবাই।কিন্তু আগামী বছর দক্ষিণ কোরিয়ার দেগুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিতে থাকা বোল্ট বলছেন, এ বছর অন্তত নিজেকে নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করবেন না। তিনি জানেন মানুষ চায় তিনি ৪০০ মিটারে দৌড়ান। কিন্তু বোল্ট নিজে চান না, ‘আমি ৪০০ মিটারে দৌড়াতে চাই না। লোকে চায়, আমি দৌড়াই। কিন্তু আমি চাই না। যদি এমন হয়, এটা না দৌড়ালে আমি খেলাধুলার কিংবদন্তি হতেই পারছি না, তাহলে হয়তো দৌড়াতে পারি। কিন্তু এখন দৌড়াতে চাই না।’অবশ্য বোল্টের এখন দৌড়ানোর ভালো যুক্তি ছিল। বোল্টের প্রতিদ্বন্দ্বী টাইসন গে সম্প্রতি ৪০০ মিটারে ৪৫ সেকেন্ডের বাধা পেরিয়েছেন। তাতেও উজ্জীবিত হচ্ছেন না বোল্ট। গেকে অভিনন্দন জানিয়েই চুপ করে গেছেন।আসলে আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর এ বছরের সাংহাই ডায়মন্ড লিগ নিয়ে খুব চিন্তায় আছেন উসাইন বোল্ট। দুটোতেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই এখন ৪০০ মিটার নিয়ে ভাবতেই চাইছেন না। তবে হ্যাঁ, ৪০০ মিটারকে বাদ দিলেও আরেকটা ইভেন্টের প্রতি আগ্রহ ব্যক্ত করলেন বোল্ট—লং জাম্প। আবার সবাই ব্যগ্র হয়ে পড়ছে, কবে, কবে? বোল্ট হেসে জানিয়েছেন, ‘অবসর নেওয়ার আগে কোনো এক দিন।’ এএফপি।