৪২ বছর পর ফ্রান্সে জিতল স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। আর ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অন্যতম ফেবারিট। পরশু এই দুই দলের ২০১০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির শুরুটা হলো দু রকম। দেশের মাটিতে ক্যামেরুনের সঙ্গে গোলশূন্য ড্র করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রয়ে গেল বাজে পারফরম্যান্সের ঘূর্ণাবর্তেই। আর স্পেন গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে হারিয়ে (২-০) জানান দিল—তারা সত্যিকারের ফেবারিট। এবারের বিশ্বকাপের ফেবারিটদের মধ্যে আছে ইংল্যান্ডও। দেশের মাটিতে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় পেয়েছে ছেষট্টির পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা দেশটি।স্টাড ডি ফ্রান্সে স্পেন-ফ্রান্স ম্যাচটিতে পরশু ফেবারিট ছিল স্পেনই। তবে ওটাই তো সব নয়, ফ্রান্সের মাটিতে ফ্রান্সের বিপক্ষে স্পেন সর্বশেষ জয়ের মুখ দেখেছে ১৯৬৮ সালে। ৪২ বছরের এই জয়খরা কাটাতে পারে কি না তারা, এটাই ছিল দেখার। তারা জয়খরা কাটল ডেভিড ভিয়া (২১ মিনিট) ও সার্জিও রামোসের (৪৫+১) প্রথমার্ধের দুটি গোলে। স্পেনের মূল শক্তি মাঝমাঠ, আর সেখানে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সেস ফ্যাব্রিগাস ও ডেভিড সিলভা ছিলেন দুর্দান্ত। শুরু থেকেই অসাধারণ পাসিং ফুটবলের পসরা মেলে ধরে দলটি। ভ্যালেন্সিয়া স্ট্রাইকার ভিয়ার প্রথম গোলটি সেই পাসিং ফুটবলেরই ফসল।মাঝমাঠে বল হারিয়েছিলেন ফ্রান্স অধিনায়ক অঁরি। এরপর ইনিয়েস্তা ও জাভির পা ঘুরে বল পেয়েছিলেন সিলভা। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তিনি দুর্দান্ত এক থ্রু পাস দেন। সেটি থেকেই বল জালে পৌঁছে দেন ভিয়া। মুহূর্তে স্টাড ডি ফ্রান্স স্টেডিয়ামের গ্যালারির একাংশে লাল-সমুদ্র জেগে ওঠে। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে সার্জিও রামোসের গোলে আরও একবার ওঠে লাল ঢেউ।সমর্থকেরা আনন্দিত, তবে এই পারফরম্যান্সকে সাধারণের পর্যায়েই রেখেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক, ‘সবকিছুর একটা সন্নিবেশ ছিল। তবে এটাকে ভালো বলতে হবে। অনেক ভালো নয়।’ ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখ অবশ্য স্পেনের এই পারফরম্যান্স দেখেই মুগ্ধ, ‘পরাজয় কাউকেই আনন্দ দেয় না। তবে স্পেন আজ প্রমাণ করল, ওরা বিশ্বকাপের বড় ফেবারিট।’ইংল্যান্ড জয় পেয়েছে ঠিক, তবে দলের পারফরম্যান্সে খুশি হতে পারেননি কোচ ফ্যাবিও ক্যাপেলো, ‘আমরা আজ আমাদের সেরাটা খেলতে পারিনি।’ মোহামেদ জিদানের ২৩ মিনিটের গোলে ইংল্যান্ডকে পেছনে ফেলে সদ্য আফ্রিকার সেরার মুকুট পরা মিসর। কিন্তু ইংল্যান্ডকে বাঁচিয়েছেন বদলি খেলোয়াড় পিটার ক্রাউচ। ৫৬ মিনিটে সমতাসূচক গোলের পর ৮০ মিনিটে ব্যবধান ৩-১ করেছেন তিনি। ৭৫ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন শন-রাইট ফিলিপ।বিশ্বকাপে না যেতে পারা মিসর হেরেছে। কিন্তু বিশ্বকাপের দলগুলোর অন্য লড়াইয়ে সার্বিয়ার কাছে আলজেরিয়া, বসনিয়ার কাছে ঘানা এবং দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে আইভরি কোস্ট। আর নামিবিয়ার সঙ্গে ড্র করেছে বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ক্যামেরুন জিততে দেয়নি বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। এএফপি, ওয়েবসাইট।