৪৩৯৩ দিন পর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের প্রথম বিশ্বকাপ গোল হয়তো স্মৃতিতে অম্লান এখনো। তবে গোলের স্বাদটা নিশ্চয়ই ভুলে যেতে বসেছিলেন ইভিকা ওলিচ। ক্রোট ফরোয়ার্ডের একমাত্র বিশ্বকাপ গোলটি যে ছিল এক যুগ আগে! ২০০২ বিশ্বকাপে ইতালির বিপক্ষে দলের ২-১ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন সেই সময়ের ২২ বছরের তরুণ। পরে ২০০৬ বিশ্বকাপে খেললেও গোল পাননি। পরের বিশ্বকাপে তো চূড়ান্ত পর্বের টিকিটই পেল না ক্রোয়েশিয়া। ৩৫ ছুঁই-ছুই ওলিচ খেলতে এসেছেন শেষ বিশ্বকাপ। প্রথম ম্যাচে তাঁর ক্রসে পা ছুঁইয়েই নিজেদের জালে বল পাঠিয়েছিলেন ব্রাজিলের মার্সেলো। তাতে কি আর মন ভরে! অবশেষে মরুতে বর্ষণ হলো গত পরশু। ক্যামেরুনের বিপক্ষে পেলেন গোল। ইতালির বিপক্ষে ওই গোলটির পর আর পরশু গোলের মাঝে পেরিয়ে গেছে ৪৩৯৩ দিন!