৪৪ বছরের খরা ঘুঁচলো ম্যানচেস্টার সিটির
অবশেষে অবসান হলো ম্যানচেস্টার সিটির ৪৪ বছরের প্রতীক্ষার। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল ম্যানসিটি। তবে একেবারেই সহজ ছিল না এই জয়টা। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগেও ২-১ গোলে পিছিয়ে ছিলেন রবার্তো মানচিনির শিষ্যরা। অনেকে হয়তো ধরেই নিয়েছিল যে তীরে এসেই তরী ডুবল, দীর্ঘ প্রতীক্ষায় থাকা ম্যানচেস্টার সিটির। কিন্তু শেষ পাঁচ মিনিটের নাটকীয়তা বদলে দিল পুরো ইংলিশ প্রিমিয়ার লিগেরই এই মৌসুমটাকে। পাঁচ মিনিটের ব্যবধানে হারের আশঙ্কায় দুলতে থাকা ম্যানসিটির সমর্থকেরা ভাসল প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দে। লিগের অপর খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডও সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে। লিগ শেষে দুই দলেরই পয়েন্ট ৮৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপাটা নিজেদের ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি।আজকের ম্যাচটা জিতলেই যে ম্যানচেস্টার সিটি শিরোপা জয়ের আনন্দে ভাসতে পারবে, সেটা আগেই জানা ছিল। প্রতিপক্ষ কুইন্স পার্কের বিরুদ্ধে ইতিহাস গড়া জয়টি উদযাপনের প্রস্তুতি নিয়েই এসেছিল ম্যানসিটির সমর্থকরা। প্রথমার্ধের ৩৯ মিনিটে ইয়া তোরের পাস থেকে গোল করে শুরুটাও চমত্কারভাবেই করেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতা। কিন্তু এর পরই যেন দুঃসময় গ্রাস করে ব্লুদের। ৪৮ মিনিটে গোলটি শোধ করে দেন কুইন্স পার্কের ফরাসি স্ট্রাইকার জিবরিল সিসে। ৫৫ মিনিটে জো বারটন সরাসরি লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক কুইন্স পার্ক। কিন্তু সেই দুর্বলতার ফায়দা নেওয়া তো দূরের কথা বরং ৬৬ মিনিটে আরেকটা গোল হজম করে শিরোপা জয়ের স্বপ্নটা আরও কঠিন করে তোলে ম্যানসিটি। আর্মান্ড ট্রাওরের ক্রস থেকে দুর্দান্ত এক হেড করে গোলটি করেন জেমি ম্যাকি। ২-১ গোলে পিছিয়ে যায় ব্লুরা। এরপর বারবার কুইন্স পার্কের রক্ষণভাগ ভেদ করে গোলের চেষ্টা চালালেও সফল হতে পারছিলেন না ম্যানসিটির স্ট্রাইকাররা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্তও এই একই পরিস্থিতি। শিরোপা জয়ের এত কাছে এসেও তা হারানোর বেদনা গ্রাস করেছিল সমর্থকদের। কিন্তু হতাশায় মুষড়ে পড়া এই ভক্তদের আশার আলো দেখান ডেকো। ডেভিড সিলভার ক্রস থেকে হেড করে কুইন্স পার্কের জালে বল জড়িয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা এই স্ট্রাইকার। পরের মিনিটেই ম্যানসিটি শিবিরে আনন্দের বন্যা বইয়ে দেন সার্জিও অ্যাগুয়েরো। মারিও বাল্লোতেল্লির পাস থেকে চমত্কারভাবে এক ডিফেন্ডারকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সঙ্গে সঙ্গেই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দে ফেটে পড়ে ম্যানসিটির সমর্থকেরা।ততক্ষণে খবর চলে এসেছে যে, শিরোপা ও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড সান্ডারল্যান্ডের বিপক্ষে পেয়েছে মাত্র ১-০ গোলের জয়। লিগের ৩৮ ম্যাচ শেষে দুই দলেরই সমান ৮৯ পয়েন্ট থাকলেও পুরো ৮ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বহু আকাঙ্ক্ষিত শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। অনেক ঘাম ঝরিয়ে জয়টা পাওয়া গেছে বলে হয়তো এখন চূড়ান্ত আনন্দটাও অনেকগুণ বেড়ে গেছে মানচিনি-অ্যাগুয়েরো-তেভেজ-বাল্লোতেল্লিদের।