প্রতিবারের মতো এবারও বাংলাদেশে উদ্যাপিত হচ্ছে অলিম্পিক ডে রান। সারা বিশ্বে ২৩ জুন দিবসটি উদ্যাপিত হলেও বাংলাদেশে এবার হচ্ছে ২২ ও ২৩ জুন। ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে দুদিনের নানা আয়োজন রেখেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামীকাল রমনা টেনিস কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ছয়টায় শোভাযাত্রা বের হয়ে শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। অতীতের সব খরচ ছাড়িয়ে এবার অলিম্পিক ডে রানের জন্য বাজেট ধরা হয়েছে ৪৪ লাখ টাকারও বেশি। প্রায় পুরো টাকাই নেওয়া হচ্ছে বিভিন্ন স্পনসরের কাছ থেকে। কোকাকোলা, এক্সিম ব্যাংক, আবুল খায়ের গ্রুপসহ আরও কিছু প্রতিষ্ঠান সহায়তার হাত বাড়িয়েছে। বিওএ ভবনে কাল অয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।