৪৫ নম্বরের পর টেন্ডুলকার
বাংলাদেশে এসেছিলেন ৪৩টি টেস্ট সেঞ্চুরি নিয়ে, দুই টেস্ট খেলার পর হয়ে গেল ৪৫। টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি এখন সমান। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরির সেঞ্চুরি, উইকেট, বাংলাদেশের বোলিংসহ কথা বললেন আরও অনেক কিছু নিয়েই— বাংলাদেশের মতো দলের বিপক্ষে সেঞ্চুরি করাটা কি একটু সহজ?টেন্ডুলকার: রান করা কখনোই এত সহজ নয়। এটা এমনি এমনি হয় না, মাঠে নেমেই রান করতে হয়। কোনো বোলিং আক্রমণকেই আমি খাটো করে দেখি না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে...যে দলের বিপক্ষেই খেলি, নিজেকে মেলে ধরার চেষ্টা করি। আমি সব সময় নিজের কাজেই মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আজ উইকেট কেমন ছিল?টেন্ডুলকার: উইকেটের গতি দুই রকম, বাউন্সও ধারাবাহিক নয়। একটা বল লাফিয়ে উঠছে তো আরেকটা উঠছেই না। ব্যাটিংয়ের জন্য উইকেট খুব সহজ নয়। পঞ্চম দিনে উইকেটের আচরণ কেমন হতে পারে?টেন্ডুলকার: আজ (কাল) কেবল ম্যাচের দ্বিতীয় দিন। অপেক্ষা করুন, ম্যাচ কোন দিকে গড়ায়। তবে যত সময় গড়াবে, উইকেট নিশ্চিতভাবেই আরও খারাপ হবে। বাংলাদেশের বোলাররা কেমন করলেন?টেন্ডুলকার: গত ম্যাচেও আমি বলেছিলাম, ওরা ভালো বোলিং করেছে। এই ম্যাচেও এখনো পর্যন্ত তারা ভালো করছে। তাদের কিছু পরিকল্পনা ছিল এবং তারা সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। তবে আমার ধারণা, তারপরও আমরা ভালো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। আজ ভাগ্যও তো আপনাকে অনেকটা সহায়তা করেছে...ক্যাচ পড়ল...টেন্ডুলকার: দেখুন, ভাগ্য ছাড়া কোনো সময়ই সেঞ্চুরি করা সম্ভব নয়। এটা খেলারই অংশ। যখন ভাগ্যের সহায়তা পাই না, তখন আবার আপনারা বলেন ভাগ্যের সহায়তা পাচ্ছি না। বাংলাদেশি বোলাররা যেভাবে শর্ট বল করলেন, তাঁদের আগ্রাসী বোলিং দেখে কি অবাক হয়েছেন?টেন্ডুলকার: আসলে এতে খুব বেশি এসে যায়নি। স্কোরকার্ডই তো কথা বলছে। আপনি অনেক আক্রমণাত্মক খেলেছেন, এটা কি পূর্বপরিকল্পিত?টেন্ডুলকার: আমি শুধু সুযোগের জন্য অপেক্ষা করছি, যখন সুযোগ পেয়েছি, কাজে লাগিয়েছি। ৯০টি সেঞ্চুরি তো হয়ে গেল, সেঞ্চুরির সেঞ্চুরি নিশ্চয়ই করতে চান?টেন্ডুলকার: আমি সংখ্যায় বিশ্বাস করি না। বিশ্বাস করি খেলায়। নম্বর গোনা আমার পছন্দ নয়, পছন্দ শুধু খেলা। এক দিনে ৩৯০ রান উঠল, এটা কি আপনাদের ভালো ব্যাটিংয়ের কারণে নাকি বাংলাদেশের বাজে বোলিংয়ের জন্য?টেন্ডুলকার: ফিল্ডিং অনেক রক্ষণাত্মক ছিল, বেশ কজন ফিল্ডার ছিল বাউন্ডারিতে। স্ট্রাইক রেট ইচ্ছামতো বাড়ানোর সুযোগ খুব একটা ছিল না। কিন্তু কিছু কিছু সময় ছিল, যখন সুযোগ পাওয়া গেছে, ওই সময়গুলো কাজে লাগিয়ে আমরা প্রচুর বাউন্ডারি পেয়েছি। আবার কখনো কখনো ওরা ভালো বোলিং করেছে, ওই সময়গুলো আমরা একটু সাবধানে খেলেছি। কাল (আজ) ভারতের প্রজাতন্ত্র দিবস, এই সেঞ্চুরি কি দেশের জন্য উপহার হিসেবে দেখছেন?টেন্ডুলকার: কাল (আজ) আমি চাইব স্পেশাল কিছু হোক। অনেক বড় একটা দিন, তাই এটাই চাইব। কাল (পরশু) ইশান্ত শর্মা বলেছিলেন, ‘ইটস আ গুড টস টু লুজ’। তো আপনার কি মনে হয়, উইকেট কালকের চেয়ে আজ আরেকটু সহজ হয়েছে?টেন্ডুলকার: এটা তো আমাদের ঘরের মাঠ নয়, কন্ডিশন সম্পর্কে বাংলাদেশিদের চেয়ে আমরা ভালো জানি না। আমরা তাই বুঝতে পারছিলাম না ঠিক কী করা উচিত। উইকেট কিছুটা ভেজা ছিল, কিন্তু সেটা চট্টগ্রামের মতো নয়। প্রথম সেশনটা তাই ছিল গুরুত্বপূর্ণ। আর এ জন্যই টস হারাটা আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের বোলাররা কন্ডিশনকে কাজে লাগিয়েছে, লাঞ্চের আগেই বাংলাদেশ ৫ উইকেট হারিয়েছে। এ জন্য আমিও মনে করি ‘ইট ওয়াজ আ গুড টস টু লুজ।’ আগামীকাল (আজ) আপনাদের পরিকল্পনা কী?টেন্ডুলকার: আমি জানি না, সত্যিই জানি না। আলোচনা করার সময়ই তো পেলাম না। আপনি ও দ্রাবিড় যখন ব্যাটিং করছিলেন, পরিকল্পনা কী ছিল?টেন্ডুলকার: আমি ও রাহুল ঠিক করেছিলাম ধৈর্য ধরতে হবে। আগেই বলেছি, ফিল্ডিং ছিল অনেক রক্ষণাত্মক। রান করা এবং বাউন্ডারি মারা এত সহজ ছিল না। আমরা সুযোগের জন্য অপেক্ষা করেছি, যখন সুযোগ পেয়েছি তখন রান করেছি।