৪৫ বছর পর ইউরোপ সেরা ইন্টার মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিষ্যের কাছে একজন গুরুর পরাজয়। হোসে মরিনহোর কাছে হেরে গেলেন লুই ফন গল। মানে একজন পর্তুগিজের কাছে একজন ডাচের পরাজয়। ওয়েসলি স্নাইডারের কাছে হারলেন আরিয়েন রোবেন। মানে একজন ডাচের কাছেও হেরেছেন আরেকজন ডাচ। কাল রাতে এত সব পরাজয়ের মিলিত ফল হয়েছে একটাই—ইতালির কাছে হেরে গেছে জার্মানি! মানে ইন্টার মিলানের কাছে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। কাল রাতে মাদ্রিদে ডিয়েগো মিলিতোর জোড়া গোলে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরল ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান। এত সব পরাজয়ের গল্পে দারুণ একটা অর্জন নিহিত—ঠিক ৪৫ বছর পর চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পেল ইন্টার। ইতালিতে এসে প্রথম মৌসুমেই ইন্টার মিলানকে সিরি ‘আ’ শিরোপা জিতিয়েছেন মরিনহো। এবার সিরি ‘আ’র শিরোপার সঙ্গে জিতলেন ইউরোপ সেরার মুকুটও। যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য চেলসি থেকে বরখাস্ত হতে হয়েছিল, ইন্টারের হয়ে সেই ট্রফি জিতে খুব খুশি ইন্টারের পর্তুগিজ কোচ মরিনহো। মরিনহোর এই জয়ে খুশি নিশ্চয়ই বিশ্বকাপের দুই ফেবারিট দলের কোচ আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা আর ব্রাজিলের কার্লোস দুঙ্গাও। কারণ ইন্টারকে শিরোপা জেতানোয় বড় ভূমিকা ছিল এ দুই দেশের বিশ্বকাপের আশা-ভরসা যাঁদের কাঁধে, সেই সব তারকারই। ইন্টার মিলানের গোল দুটি যিনি করেছেন, সেই মিলিতো ম্যারাডোনার বিশ্বকাপ অভিযানের অন্যতম ভরসা। আর রক্ষণ নিরেট রেখে ইন্টারের গোল দুটি যাঁরা রক্ষা করেছেন, সেই দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণের মূল ভরসা লুসিও। লুসিও আর মাইকনের সমন্বয়ের গড়া ইন্টারের ব্রাজিলিয়ান রক্ষণের ফাঁক গলে যে কয়েকটি বল বেরিয়েছে, তা আবার ঠেকেছে হুলিও সিজারের দক্ষ হাতে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকও ব্রাজিলিয়ানই। মিলিতো ইন্টারকে এগিয়ে দেন প্রথমার্ধেই। ৩৫ মিনিটে গোলরক্ষক হুলিও সিজারের থেকে পাওয়া একটি লম্বা বল ফ্লিক করে মিলিতোর কাছে দিয়েছিলেন স্নাইডার। বলটি আবার স্নাইডারের কাছে ফেরত দিয়ে ফাঁকায় জায়গা করে নিয়েছিলেন মিলিতো। স্নাইডারের কাছ থেকে আবার যখন বলটি তাঁর কাছে আসে, তখন বায়ার্নের দুজন ডিফেন্ডারকে পরাজিত করে গোলরক্ষক বাটের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। মাদ্রিদের প্রায় ৮০ হাজার ধারণক্ষমতার অর্ধেক দর্শক মেতে ওঠে জয়ের আনন্দে। কাউন্টার-নির্ভর কয়েকটি আক্রমণে গোল শোধের চেষ্টা করে বায়ার্ন। কিন্তু ইন্টারের জমাট রক্ষণে আটকে সেটা আর সম্ভব করতে পারেননি রোবেন-অলিচরা। উল্টো প্রথম গোল করার ঠিক ৩৫ মিনিট পর দ্বিতীয় গোলটি করে বায়ার্নের ম্যাচে ফেরার সম্ভাবনাটুকু ম্লান করে দেন মিলিতো।