৪৫ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের লজ্জাকর এক ব্যাটিংয়ের সাক্ষী হয়ে থাকল কেপটাউন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বুধবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে কিউইরা গুটিয়ে গেছে মাত্র ৪৫ রানে। তিন প্রোটিয়া পেসার ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডারের বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের তালিকায় ১২তম অবস্থানে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ডের আজকের এই ইনিংস। সর্বনিম্ন ২৬ রানের ইনিংসটিও নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। তবে সেটি ছিল ঐ টেস্টের তৃতীয় ইনিংসে। আর প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের তালিকায় আজকের এই ৪৫ রান রয়েছে তৃতীয় স্থানে। কেপটাউন টেস্ট দিয়ে আজ দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু ব্যাট করতে নেমে রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। একমাত্র কেন উইলিয়ামসন পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। তিনি করেছেন ১৩ রান। দক্ষিণ আফ্রিকার তিন পেসার ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডারের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারের মধ্যেই শেষ হয়েছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৪৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ছয় ওভার বল করে মাত্র সাত রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেছেন ফিল্যান্ডার। তিনটি উইকেট নিয়েছেন মরনে মরকেল। ডেল স্টেইন পেয়েছেন দুই উইকেট। ক্রিকইনফো।