৪৮ দলের ফুটবল বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ার রাজধানী বোগোটায় গিয়েছিলেন ফিফার এক প্রচারণায়। পরে জার্সি-বুট পরে মাঠেও নেমে গেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তা কলম্বিয়ায় গিয়ে কিংবদন্তি কার্লোস ভালদেরামাকে খেলার সঙ্গী করবেন না, তা হয় নাকি l রয়টার্স
কলম্বিয়ার রাজধানী বোগোটায় গিয়েছিলেন ফিফার এক প্রচারণায়। পরে জার্সি-বুট পরে মাঠেও নেমে গেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তা কলম্বিয়ায় গিয়ে কিংবদন্তি কার্লোস ভালদেরামাকে খেলার সঙ্গী করবেন না, তা হয় নাকি l রয়টার্স

এত দিন বলেছেন ৪০ দলের বিশ্বকাপের কথা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বপ্নটা এই কদিনেই আরও বড় হয়েছে বোধ হয়। এখন শুধু আর ৪০ দল নয়, ৪৮ দলের বিশ্বকাপ চান ইনফান্তিনো!

ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই ৪০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পক্ষে বলে আসছেন। এটা জিয়ান্নি ইনফান্তিনোর নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। তবে নির্বাচিত হওয়ার পর এ নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কিছু করতে পারেননি নতুন ফিফা সভাপতি। তবে ওই প্রস্তাব থেকে সরেও যাননি। তাঁর স্বপ্নটা বরং আরও বড় হয়েছে।

শুনতে একটু বিস্ময়কর লাগতে পারে। ৪৮ দলের বিশ্বকাপ মানে তো ফিফা সদস্য দেশগুলোর প্রায় এক-চতুর্থাংশই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে! পরশু কলম্বিয়ার বোগোটায় সার্জিও আরবোলেদা বিশ্ববিদ্যালয়ে ফিফার এক প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এ রকমই একটা প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো। ৪৮ দলের বিশ্বকাপের ফরম্যাট কেমন হতে পারে, সুইস-ইতালিয়ান এই ফুটবল প্রশাসক পরে সেটি ব্যাখ্যাও করেছেন।

শুরুতে ৩২ দলের নকআউট রাউন্ডে একটি করে ম্যাচের পর ১৬টি দল বাদ পড়বে। নকআউট পর্বের জয়ী ১৬ দল আগেই বাছাইকৃত অন্য ১৬টি দলের সঙ্গে যোগ দেবে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান ফরম্যাটের মতো গ্রুপ পর্ব শুরু হবে। ইনফান্তিনোর যুক্তি, ‘এতে আমরা এখনকার মতো ৩২ দলেরই একটা স্বাভাবিক বিশ্বকাপ করতে পারব, কিন্তু উৎসবে অংশ নিতে পারবে ৪৮টি দল।’

তবে এটা যে এখনো ভাবনার পর্যায়ে আছে, সেটিও জানিয়েছেন ফিফা সভাপতি, ‘আমরা পরিকল্পনাগুলো নিয়ে এ মাসে আলোচনা করব। ২০১৭ সালের মধ্যে সবকিছু নিয়ে সিদ্ধান্ত আসবে।’ একটা প্রাথমিক সিদ্ধান্ত আগামী জানুয়ারির ফিফা কাউন্সিলেই হতে পারে বলে বিশ্বাস ইনফান্তিনোর।

কেন বিশ্বকাপে দল বাড়ানো উচিত, সেটিও বলেছেন ফিফা সভাপতি, ‘ফিফার পরিকল্পনা হচ্ছে সারা বিশ্বে ফুটবলের উন্নয়ন করা, আর ফুটবল বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। এটা প্রতিযোগিতার চেয়েও বড় কিছু, এটা “একটা বিশাল সামাজিক আয়োজন”।’ গার্ডিয়ান।