৪৯২-এ থামল অস্ট্রেলিয়া

অলআউট হওয়ার থেকে ইনিংস ঘোষণাটাই নিশ্চয়ই বেশি মর্যাদার বলে মনে করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই নয় উইকেট হারানোর পরই সমাপ্তি ঘোষণা করেছেন প্রথম ইনিংসের। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে ৪৯২ রান।
শেন ওয়াটসনের পর আজ ইংলিশ বোলারদের নাজেহাল করার দায়িত্বটা যেন নিয়েছিলেন স্টিভেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকটি পূর্ণ করে শেষপর্যন্ত অপরাজিতই ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৮ রান।
আজ ওভাল টেস্টের দ্বিতীয় দিনটা অবশ্য পণ্ডই হতে বসেছিল বৃষ্টির বাধায়। মধ্যাহ্নবিরতি পর্যন্ত মাঠেই গড়াতে পারেনি দ্বিতীয় দিনের খেলা। অবশেষে ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার পর ঘুরে দাঁড়ানোরই চেষ্টা করছে স্বাগতিক ইংল্যান্ড। আজ দিনের পঞ্চম ওভারেই প্রথম সাফল্যটির দেখা পেয়েছেন জেমস অ্যান্ডারসন। তুলে নিয়েছেন গতকালের অপরাজিত পিটার সিডলের উইকেটটা। ২৩ রান করে ফিরে গেছেন সিডল। ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়ে আবারও বেশ কিছুক্ষণ ইংলিশ বোলারদের হতাশায় ডুবিয়েছিলেন স্মিথ ও ব্রাড হাডিন। তবে মাত্র সাত ওভারের ব্যবধানেই হাডিন (৩০) ও জেমস ফাল্কনারকে (২৩) আউট করে ইংলিশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন জনাথন ট্রট ও অভিষিক্ত ক্রিস ওয়াকস। এরপর মিচেল স্টার্ক আর রায়ান হ্যারিসের উইকেট তুলে নিতে অবশ্য খুব বেশি ঘাম ঝড়াতে হয়নি ইংল্যান্ডকে। শেষ ব্যাটসম্যান নাথান লায়ন উইকেটে আসার পরপরই ইনিংস ঘোষণা করেছেন ক্লার্ক।
ইংল্যান্ডের সর্বনাশটা অবশ্য প্রথম দিনেই করে দিয়েছিলেন শেন ওয়াটসন। ১৭৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে দাঁড় করিয়েছিলেন শক্ত ভিত্তির ওপর।
নিজ দেশের বাইরে অস্ট্রেলিয়া এক ইনিংসে দুইজন সেঞ্চুরিয়ানের দেখা পেয়েছিল প্রায় দুই বছর আগে। ২০১১ সালের সেপ্টেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে।