৪৯৯, এর পরই হানিফ রানআউট!

এক রান হলেই হয়ে যায় ইতিহাস। ক্রিকেটের ইতিহাসে তখন পর্যন্ত ৫০০ রানের ইনিংস খেলেননি কেউই। স্যার ডন ব্র্যাডম্যানের অপরাজিত ৪৫২ ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। হানিফ মোহাম্মদ শুধু সেটি ভাঙলেনই না, দাঁড়িয়ে গেলেন ইতিহাসের সামনে। এক রান করলেই ৫০০! চাঁদে প্রথম পা রাখার মতোই অনন্য এক কীর্তি। ৪৯৯ করতে পেরেছেন যিনি, আর একটি রান পারবেন না! না, পারলেন না। হানিফ হয়ে গেলেন রানআউট!
হানিফ না পারলেও ১৯৯৪ সালের ৬ জুন ব্রায়ান লারা ঠিকই ৫০১ রান করেছিলেন। এখন পর্যন্ত সেটিই একমাত্র পাঁচ শতাধিক রানের বিশ্ব রেকর্ড। হানিফ ৫০০ ছুঁতে না পারলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছিলেন। কিন্তু লারার হাতে সেই রেকর্ডটিও ভেঙে যায় দীর্ঘ ৩৫ বছর টিকে থাকার পর।
১৯৫৯ সালের ১১ জানুয়ারি পাকিস্তানের ঘরোয়া লিগে হানিফের ৪৯৯ রানের সেই ইনিংসটি শুধু রেকর্ড ভেঙে দেওয়া ইনিংসই ছিল না, ইনিংসটির সাথে জড়িয়ে আছে আরও অনেক ইতিহাস, রোমাঞ্চ, নাটক। ১৯৫৯ সালের ৮ জানুয়ারি শুরু হওয়া কায়েদ-এ-আজম ট্রফির সেমিফাইনালের চার দিনের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছিল বাহাওয়ালপুর। করাচির ইকরাম এলাহী ও মাহমুদ হোসেনের বোলিং তোপে চা-বিরতির আগেই তাঁরা অলআউট ১৮৫ রানে। করাচির পক্ষে হানিফ ও আলীমুদ্দীন দিন শেষ করলেন ৫৯ রান নিয়ে। হানিফ মোহাম্মদ আগের বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ বাঁচানো ৩৩৭ রানের ইনিংস। দর্শকরা জানত যে হানিফ একাই শেষ করে দিতে পারেন বাহাওয়ালপুরকে।
তবু প্রথম দিন শেষ করা হানিফের ২৫ রানের ইনিংসটি তখন শীতের কুয়াশা ভেদ করে আবছা উঁকি দেওয়া মিষ্টি রোদই কেবল। তাঁর ঝাঁজ টের পাওয়া যায় পরদিন। দ্বিতীয় উইকেটে ১৭২ রান যোগ করে আউট হন ওয়াকার হাসান। এরপর হানিফ জুটি বাঁধেন ভাই ওয়াজির মোহাম্মদের সঙ্গে। করাচির এই অধিনায়ক হানিফ মোহাম্মদের বড় ভাই। ১০৩ রানের জুটি গড়ে ওয়াজির আউট হয়ে গেলেও অপর প্রান্তে অবিচল থাকেন হানিফ। করাচি দিন শেষ করে ৩ উইকেটে ৩৮৩ রান নিয়ে। হানিফ তখন পৌঁছে গেছেন ২৫৫ রানে।
পরদিন হানিফের মতোই পুরো দলই একটা রোমাঞ্চকর অপেক্ষায় মাঠে নামেন। ওয়াজির হানিফকে ডেকে বলেন, ব্র্যাডম্যানের রেকর্ড ৪৫২ রান টপকানো খুব একটা কঠিন হবে না। অধিনায়ক ওয়াজির রাতে হানিফের জন্য ভাল অলিভ অয়েল ম্যাসাজের ব্যবস্থাও করেন। পরদিন প্রথম সেশনে হানিফকে ক্লান্ত দেখাচ্ছিল। এ সময়টায় ম্যাথিয়াস খেলেন সাবলীল খেলা। তুলে নেন সেঞ্চুরি। মজার ব্যাপার হলো, করাচির ৭ উইকেট ৭৭২ রানের ইনিংসে এই দুজন ছাড়া আর কোনো ব্যাটসম্যান চল্লিশের ঘরেও পৌঁছাতে পারেননি।
২৫৯ রানের জুটি ভেঙে গেলে মাঠে নামেন মোহাম্মদ ভাইদের সবচেয়ে ছোটজন মুশতাক। মুশতাক নামার পর হানিফের খেলায় আবার আগের রূপ ফিরে আসে। স্বাচ্ছন্দ্যের সঙ্গে এগিয়ে যেতে থাকেন হানিফ। পুরো ম্যাচে হানিফ এতটাই ঠান্ডা মেজাজে খেলেন যে মাত্র একবারই বোলারের মাথার ওপর দিয়ে একটি লফটেড শট খেলেছিলেন। ৬৩৫ মিনিটের সেই ইনিংসে হানিফ চার মেরেছিলেন ৬৪টি। ইনিংসে কোন ছক্কা ছিল না। যা হোক হানিফ মোহাম্মদ অনড্রাইভে চার মেরে ব্র্যাডম্যানকে টপকে যান।
এরপর হানিফ মনোনিবেশ করেন ইনিংসে প্রথমবার ৫০০ রানের রেকর্ড গড়ার দিকে। উইকেটকিপার আব্দুল আজিজকে নিয়ে ৪৯৮ রানে পৌঁছে যান হানিফ মোহাম্মদ। ওয়াজির চেয়েছিলেন হানিফ যেন পরদিন ঠান্ডা মাথায় লক্ষ্যে পৌঁছাতে পারেন। কিন্তু হানিফের তর সইছিল না। আরেকটি নির্ঘুম রাত কাটাতে চাননি। দিনের তখন দুই বল বাকি। হানিফ পয়েন্টে মেরে একটি রান নেয়ার পর কী মনে করে ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রান নিতে দৌড়ালেন। কিন্তু রোমাঞ্চকর সেই দিনের শেষটাও হলো চরম উত্তেজনা দিয়ে। হানিফ পারলেন না। রানআউট হয়ে ফিরে এলেন ৫০০ রানের দোরগোড়া থেকে!
হানিফের সেই ইনিংসের মাহাত্ম্য আরও বেড়ে যাবে, যখন জানবেন সেদিনের উইকেট ছিল পেসারদের অনুকূলে এবং বাহাওয়ালপুরে ছিল পাকিস্তান জাতীয় দলের একাধিক বোলার। হানিফ পরে জানিয়েছিলেন, সেই ইনিংসের অনুপ্রেরণা ভাই ওয়াজিরের মতো তাঁর মা-ও। ওয়াজির নিজেই হানিফের শরীরে অলিভ অয়েল ম্যাসেজ করেছিলেন। টেনশনে না থাকতে চাওয়ার পাশাপাশি সে দিনের স্কোরবোর্ডও হানিফকে ঝুঁকিপূর্ণ রান নেওয়ার ভুল সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করেছিল। স্কোরবোর্ডে তখন হানিফের রান দেখাচ্ছিল ৪৯৭। পরে এ নিয়ে আক্ষেপ করে ইতিহাসের প্রথম লিটল মাস্টার বলেছিলেন, ‘যদি স্কোরবোর্ডে প্রকৃত রান ৪৯৯ দেখাত তবে হয়তো একটু ভেবেচিন্তেই রান করতে পারতাম!’