
এমন একটা রেকর্ড ভারতের বিপক্ষেও ছিল দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়ে কখনো না হারার। কিন্তু এবার মেলবোর্নের ম্যাচটা জিতে দক্ষিণ আফ্রিকার সেই গর্বের রেকর্ড ভেঙে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানও বিশ্বকাপে হেরেছে তিনবার—১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ সালে। ভারত পেরেছে, পাকিস্তান কি পারবে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে?
সমস্যা হচ্ছে, ভারত আর পাকিস্তানের পারফরম্যান্সে এখন যোজন ব্যবধান। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফর আর ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্স যেমনই হোক, বিশ্বকাপে শুরু থেকেই উড়ছে ভারত। অন্যদিকে, ভারত আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর পাকিস্তান পরপর দুটি ম্যাচ জিতেছে বটে, কিন্তু সেই দুটি জয় জিম্বাবুয়ে আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ভারত যেটা পেরেছে, পাকিস্তানও পারবে—এমন কথা তাই জোর দিয়ে বলতে পারছেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। শুধু নিজেদের আকাঙ্ক্ষাটাই ব্যক্ত করেছেন জোরালভাবে, ‘আমরা সবাই জানি, পরের রাউন্ডে যাওয়ার জন্য এ ম্যাচ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। এ ম্যাচের দিকে তাকিয়ে আছি।’ অধিনায়কের চেয়ে একটু বেশি জোরালো কোচ ওয়াকার ইউনিসের গলা, ‘সর্বশেষ দুটো ম্যাচ জিতে আমরা ছন্দে এসেছি। দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই যে বিশ্বকাপে অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে আমাদেরও।’
বলছেন বটে। তবে কাজটা কতটা কঠিন, সেটা মিসবাহ-ওয়াকার দুজনই জানেন। ভারতের কাছে ওই হার ভুলে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচেই ৪০০ ছাড়ানো রান তুলেছে। দুর্দান্ত ফর্মে আছেন এবি ডি ভিলিয়ার্স, আমলা, ফাফ ডু প্লেসিরা। পেটের পেশির চোট কাটিয়ে আজ আবার দলে ফিরছেন জেপি ডুমিনিও। মোহাম্মদ ইরফান-ওয়াহাব রিয়াজ-সোহেল খানদের সামনে আজ তাই বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। মিসবাহ অবশ্য বেশ আশাবাদী তাঁর বোলারদের নিয়ে, ‘আমি মনে করি, আমাদের বোলিং সত্যি ভালো হচ্ছে। যেকোনো দলের বিপক্ষে উইকেট নিতে পারা বোলার আছে আমাদের। দেখা যাক কী হয়।’
তুলনায় ব্যাটিংটাই বড় দুশ্চিন্তা হয়ে আছে পাকিস্তানের জন্য। বিশেষ করে টপ অর্ডার একেবারেই ব্যর্থ। আগের চার ম্যাচে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে রান উঠেছে ১১, ০, ১ ও ১০। কাল সংবাদ সম্মেলনে সেই দুশ্চিন্তার কথা স্বীকারও করেছেন মিসবাহ, ‘আমরা এটা নিয়ে ভাবছি। অবশ্যই আমাদের এটা নিয়ে কিছু একটা করতে হবে।’
উদ্বোধনী জুটি বারবার ব্যর্থ হচ্ছে বলেই আজ সরফরাজ আহমেদকে ওপেনার হিসেবে খেলানোর কথাও ভাবছে পাকিস্তান। চোটের কারণে অনিশ্চিত হারিস সোহেলও। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে দলে ফিরবেন ইউনিস খান।
ডুমিনি ছাড়াও ফিটনেস টেস্টে উতরে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার। তবে তাঁকে জায়গা দিতে হলে দলের বাইরে যেতে হবে ফর্মে থাকা কাইল অ্যাবটকে। দক্ষিণ আফ্রিকার জন্য সেটা একটা মধুর সমস্যা বৈকি! এএফপি, ক্রিকইনফো।
মুখোমুখি পরিসংখ্যান
ম্যাচ পাকিস্তান দ. আফ্রিকা টাই/ফল হয়নি
মোট ৭১ ২৩ ৪৭ ১
বিশ্বকাপে ৩ ০ ৩ ০
অস্ট্রেলিয়ায় ১ ০ ১ ০