শচীন-বিজয়ের দিনে ভারত ৪৩৫/৫
আগের দিন অপরাজিত ছিলেন শচীন টেন্ডুলকার ও মুরালি বিজয়। আজ সোমবার তৃতীয় দিনে ব্যাট করতে নেমে অসি বোলারদের ঘাম ঝরিয়েছেন এ দুজনই। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিজয়। আর শচীন আছেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। শচীন-বিজয়ের দিনে পাঁচ উইকেট হারিয়ে ৪৩৫ রান তুলেছে ভারত। এর আগে মার্কাস নর্থের ১২৮ রানের ওপর ভর করে ব্যাঙ্গালোর টেস্টের প্রথম ইনিংসে ৪৭৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।দুই উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারতীয় দল। গোটা দিন উত্সব করেছে ভারতীয়রা, উল্টো ছবি ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের চোখেমুখে। শচীন টেন্ডুলকার ও মুরালি বিজয় যে অসি বোলারদের একেবারে ছেলে-খেলা করছেন! দিনের প্রথম উইকেটটির দেখা পেতে সফরকারীদের অপেক্ষা করতে হয় ৩৪৬ রান পর্যন্ত। ব্যক্তিগত ১৩৯ রানে জনসনের শিকারে পরিণত হন বিজয়। এর পর একে একে বিদায় নিয়েছেন পুজারা (৪) ও রায়না (৩২)। তবে শচীনকে থামাতে পারেননি অস্ট্রেলিয়ার বোলাররা। দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের এই লিটল মাস্টার অপরাজিত ছিলেন ১৯১ রানে!—ক্রিকইনফো