৫ জানুয়ারি ফিরছেন মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন মেসি। বার্সেলোনার কোচিং স্টাফ তাঁর উন্নতিতে সন্তুষ্ট। আগামী ৫ জানুয়ারিই মাঠে নামতে পারেন মেসি।

মেসির চোটের সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা হয়েছে গত বৃহস্পতিবার। বার্সার চিকিৎসকেরা পরীক্ষা করে যা দেখেছেন, প্রত্যাশার চেয়েও তা ভালো। তাঁর বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি সেরে গেছে। বাকি শুধু ফিটনেস ফিরে পাওয়া।

পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে মেসি এখনো আর্জেন্টিনায়। নতুন বছরটা রোজারিওতেই উদ্যাপন করে মেসি বার্সেলোনায় ফিরবেন ২ জানুয়ারি। আর ৫ জানুয়ারি এলচের বিপক্ষে শীতকালীন বিরতির পর প্রথম ম্যাচেই মেসিকে মাঠে নামানোর কথা ভাবছেন কোচ জেরার্ডো মার্টিনো।

১৭ ম্যাচ শেষে লিগে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৪৬। বার্সা এগিয়ে গোল ব্যবধানে। ১২ জানুয়ারি এই অ্যাটলেটিকোর বিপক্ষেই বার্সার খেলা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দলের সেরা অস্ত্রটিকে কাজে লাগাতে চান মার্টিনো। সে জন্য ম্যাচ ফিটনেস নিশ্চিত করতেই এলচের বিপক্ষে লিগ ম্যাচ এবং তার তিন দিন পর গেটাফের বিপক্ষে কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচে মেসিকে বদলি হিসেবে খেলাতে চান। মেসি হ্যামস্ট্রিংয়ের সর্বশেষ চোটটা পান গত ১০ নভেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে।

সেই থেকে মাঠের বাইরে থাকা মেসিকে বার্সেলোনায় ফিরে পাওয়ার যখন জোর প্রচেষ্টা, তখন ফ্রান্সের গণমাধ্যমে চলছে অন্য এক জল্পনা। মেসির জন্য রেকর্ড ২১০ মিলিয়ন পাউন্ড বা ২৬৭২ কোটি ২০ লাখ টাকার প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে পিএসজি (প্যারিস সেন্ট-জার্মেই)! যা রিয়াল মাদ্রিদের সঙ্গে গ্যারেথ বেলের বর্তমান রেকর্ড চুক্তিটার (৮৬ মিলিয়ন পাউন্ড) দ্বিগুণেরও বেশি! বার্সেলোনার সঙ্গে মেসির সর্বশেষ চুক্তিটা ২০১৮ পর্যন্ত। ওয়েবসাইট।