৫ মে মুক্তি পাচ্ছেন আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ মে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পাবেন আইসিসির নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। তাঁর আইনজীবী রবি গিল এ খবর জানিয়েছেন।পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গিল সাংবাদিকদের বলেন, আসিফের কারাবাস শেষ হবে আগামী ৫ মে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে। তবে মুক্তি পেয়ে তিনি কবে পাকিস্তানে ফিরবেন, এ সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অপরাধে সালমান বাটকে দুই বছর ছয় মাস, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। সাজা খেটে গত মার্চে দেশে ফেরেন আমির।লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় সালমান বাটকে ১০, মোহাম্মদ আসিফকে সাত এবং মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আসিফের মুক্তি প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি, এ সপ্তাহেই কারাগার থেকে মুক্তি পাবেন আসিফ। তিনি যখনই মুক্তি পান, তাঁর ওপর আইসিসির নিষেধাজ্ঞা বজায় থাকবে। পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত কোনোকিছুতেই তাঁকে অংশ নিতে দেওয়া হবে না।’