মাত্র এক ইনিংসের জন্য হার্শেল গিবসের দক্ষিণ আফ্রিকান রেকর্ডটা ছুঁতে পারলেন না হাশিম আমলা। টেস্টে ৫ হাজার রান করতে ১০৯ ইনিংস খেলতে হয়েছে তাঁকে। গিবসের লেগেছিল ১০৮ ইনিংস। ইনিংসের হিসাবে না পারলেও ম্যাচের হিসাবে ঠিকই গিবসকে ছুঁয়েছেন আমলা। ৬৩ ম্যাচেই ৫ হাজার পেরিয়েছেন আমলা-গিবসরা। ৬৩ ম্যাচ লেগেছিল গ্রায়েম স্মিথেরও। ম্যাচ ও ইনিংস দুই হিসেবেই ৫ হাজার রানের রেকর্ডটি ডন ব্র্যাডম্যানের। ১৯৩৮ সালে ৩৬ ম্যাচের ৫৬ ইনিংসেই মাইলফলকটি ছুঁয়েছিলেন স্যার ডন। ইনিংসের হিসাবে দুইয়ে আছেন টেস্টে ৫ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান জ্যাক হবস (৯১ ইনিংস)। ম্যাচের হিসাবে দ্বিতীয় সুনীল গাভাস্কার, ৫২ টেস্টেই ৫ হাজার রান করেছিলেন ভারতীয় গ্রেট। সময়ের হিসাবে দ্রুততম ৫ হাজার রান ইংল্যান্ডের কেভিন পিটারসেনের। অভিষেকের ৪ বছর ২৪২ দিনের মাথায় ২০১০ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে মাইলফলকটি পেরোন কেপি।