৫০-এও টেন্ডুলকার!
সবে ৪০-এ পা দিলেন। শচীন টেন্ডুলকার চাইলে ৫০ বছর পর্যন্ত খেলতে পারবেন। ভিভ রিচার্ডস অন্তত তা-ই মনে করেন। শুধু তা-ই নয়, টেন্ডুলকারের অবসর নেওয়া উচিত বলে যাঁরা উচ্চ স্বরে কথা বলছেন, সেই সমালোচকদেরও একহাত নিয়েছেন ভিভ রিচার্ডস। বলেছেন, কখন অবসর নিতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র টেন্ডুলকারেরই। মানুষের উচিত টেন্ডুলকারকে অবসরের পরামর্শ দেওয়া বন্ধ করা।টেন্ডুলকারের অবসরের দাবি উঠেছে অনেক দিন ধরেই। সম্প্রতি টেন্ডুলকারের ৪০তম জন্মদিন উপলক্ষে বিষয়টা নিয়ে হয়ে গেল আরেক প্রস্থ আলোচনা। দিল্লি ডেয়ারডেভিলসের উপদেষ্টা ভিভ রিচার্ডসের কথা, ‘খেলাটির জন্য সে যা করেছে, তা আমাদের উপলব্ধি করা উচিত। কাজেই আপনি তাকে চাপ দিতে পারেন না এবং বলতে পারেন না, কখন সে অবসর নেবে। আমরা এখন তার (টেন্ডুলকার) মধ্যে আধুনিক যুগের গ্রেটকে দেখি এবং আমাদের তা স্বীকার করতে হবে। এমনকি সে যদি ৫০ বছর পর্যন্তও খেলতে চায়, সে পারবে। আমি মনে করি, অবসরের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র টেন্ডুলকারেরই আছে।’আলোচনায় উঠে আসে বীরেন্দর শেবাগ প্রসঙ্গও। শেবাগের ব্যাটেও অনেক দিন ধরে রানখরা। দল থেকে তো ছিটকে পড়েছেনই, শেবাগ নেই ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেও! ওয়েস্ট ইন্ডিজ গ্রেট বলেন, ‘ফর্ম যত খারাপই যাক, শেবাগের মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যানকে সব সময় তিনি তাঁর দলে রাখবেন, ‘এটা (শেবাগকে নির্বাচন করা) আমার সিদ্ধান্ত নয়। আমরা সবাই জানি, সে অসাধারণ খেলোয়াড়। সে অবশ্যই ফর্মে নেই এবং এটা অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই ঘটে। কিন্তু আমি এখনো আমার দলে শেবাগকে রাখব। কারণ সে যখন রান পেতে শুরু করবে, সবটা পুষিয়ে দেবে।’ ওয়েবসাইট।