৫০-এর ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ‘ধবলধোলাই’ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। এই সিরিজে ইংলিশ ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিয়েছেন। সাত-সাতজন ব্যাটসম্যানের ব্যাটিং-গড় ছিল পঞ্চাশের ওপরে। তার পরও এটা রেকর্ড নয়। রেকর্ডটি অস্ট্রেলিয়ানদের। ১৯৯৩-৯৪ মৌসুমে নিজেদের দেশে অনুষ্ঠিত সিরিজে প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশের ওপরে গড় ছিল তাদের নয়জন ব্যাটসম্যানের—স্টিভ ওয়াহ (২১৬.০০), মার্ক টেলর (৯৫.৩৩), ডেভিড বুন (৮৭.৩৩), শেন ওয়ার্ন (৮৫.০০), মাইকেল স্ল্যাটার (৭৬.২৫), পল রেইফেল (৭৪.০০), মার্ক ওয়াহ (৭১.৬৬), ইয়ান হিলি (৬৪.৫০) ও অ্যালান বোর্ডার (৬০.৩৩)। যাঁরা ব্যাটিং করেছিলেন তাঁদের মধ্যে শুধু ক্রেইগ ম্যাকডরমেট (৩৫.০০) ও গ্লেন ম্যাকগ্রার (০.০০) গড়ই ছিল পঞ্চাশের কম।