৫০ ওভারে ৪৬৫ রান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন রোহরারের ব্যাটে উঠেছিল ঝড়।
বেন রোহরারের ব্যাটে উঠেছিল ঝড়।

বিস্ময়কর হলেও সত্যি। ৫০ ওভারের ম্যাচে ৭ উইকেটে ৪৬৫ রান তুলেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলস। প্রতিপক্ষ ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ঘটনাটা গত পরশুর। নিউ সাউথ ওয়েলসের জয়টাও এসেছে বেশ বড় ব্যবধানে, ২৫২ রানে।

বলার অপেক্ষা রাখে না, স্কোরটা ৫০ ওভারের ম্যাচে সর্বকালের অন্যতম সর্বোচ্চ। এটা অবশ্য রেকর্ডের খাতায় আসবে না। কারণ, এটি ছিল প্রাক-মৌসুম ম্যাচ। তবে রেকর্ডের খাতায় ঠাঁই পেলে তা হতো ৫০ ওভারের অনুমোদিত ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহটা ইংলিশ কাউন্টির দল সারের। ২০০৭ সালে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ৪ উইকেটে ৪৯৬ রান তুলেছিল ক্লাবটি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহের কৃতিত্ব শ্রীলঙ্কার। ২০০৬ সালে হল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা।

রেকর্ডের পাতায় না উঠলেও পরশু ৪৬৫ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়ায় হইচই ফেলে দিয়েছে নিউ সাউথ ওয়েলস। ওভারপ্রতি যে তারা রান তুলেছে ৯.৩ করে। ৫০ ওভারের ক্রিকেটে রীতিমতো টি-টোয়েন্টির ঝড়!

পর্বতসম ইনিংসে সেঞ্চুরি ছিল কেবল একটি। ৬৬ বলে দলীয় সর্বোচ্চ ১০৮ রান করেন বাঁ-হাতি ব্যাটসম্যান বেন রোহরার। উইকেটরক্ষক রায়ান কারটারস করেন ৭০ বলে ৯১ রান। এ ছাড়া ময়েসেস হেনরিকস ৫৫ বলে ৮৭ ও নিক ম্যাডিনসন ৪৮ বলে ৭৬ রান করেন। জবাবে ইনিংসের পুরো সময়ও খেলতে পারেনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ৪০ ওভারে গুটিয়ে যায় ২১৩ রানে। অবশ্য চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলতে তাদের দলের আসল খেলোয়াড়েরা এখন ভারতে। সূত্র: ওয়েবসাইট।