৫০ টাকায় বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই ২০ টাকায় টেস্ট ম্যাচ দেখার স্বাদ পেলেন বাংলাদেশের দর্শকেরা। আরেকটি অভাবনীয় সুযোগ আসছে সামনে। বিশ্বকাপ দেখার সুযোগ পাওয়া যাবে মাত্র ৫০ টাকায়! আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম রাউন্ড ও সুপার টেন পর্বের খেলার টিকিটের দাম শুরু হবে ৫০ টাকা থেকে। সেমিফাইনালের সর্বনিম্ন টিকিট ১০০ টাকা ও ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। টিকিট বিক্রি শুরু হবে ১০ নভেম্বর।

সারা দেশে টিকিট পাওয়া যাবে এনসিসি ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ৮০টি মানিগ্রাম আউটলেটে। অনলাইনে টিকিট কাটা যাবে আইসিসির ওয়েবসাইটে গিয়ে। সবচেয়ে বেশি দামের টিকিট গ্রুপ পর্ব ও সুপার টেনে—দুই হাজার টাকা, সেমিফাইনালে তিন হাজার টাকা ও ফাইনালে চার হাজার টাকা। মেয়েদের গ্রুপ পর্বের খেলা দেখার জন্য কোনো টিকিট লাগবে না। সেমিফাইনাল ও ফাইনাল দেখা যাবে ছেলেদের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট দিয়েই।

গত ৫০ ওভারের বিশ্বকাপের টিকিট নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছিল বাংলাদেশে। দুদিন আগে থেকেই ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। টি-টোয়েন্টিতে লোকের আগ্রহ বেশি, টিকিটের দামও কম। এবারও যে টিকিটের জন্য হাহাকার পড়ে যাবে, তা নিয়ে সংশয় নেই এতটুকু। আইসিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) ক্যাম্পবেল জেমিসন আগেভাগেই তাই বাস্তবতটা বুঝিয়ে দিলেন, ‘বেশির ভাগ টিকিটই বাংলাদেশের দর্শকের জন্য থাকবে। সেটা কত শতাংশ, তা আমি এখনই বলতে পারছি না। তবে উল্লেখযোগ্য সংখ্যক থাকবে। সেটাও অবশ্য যথেষ্ট হবে না। ১৬ কোটি মানুষের দেশে ২০-২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম, চাহিদা আর জোগানের বড় একটা ঘাটতি তাই থাকবেই। এটাকে মেনে নিতেই হবে।’