ক্লাইভ রাইসের বয়স তখন ৪২ পেরিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্ট আর ৫৪ ওয়ানডে খেলা কেপলার ওয়েসেলস ফিরে এসেছেন জন্মভূমির টানে। পিটার কারস্টেন, জিমি কুক, অ্যাড্রিয়ান কুইপার, ডেভ রিচার্ডসনরা ক্যারিয়ার-গোধূলিতে। নিজ দেশের ঘরোয়া ক্রিকেট আর ইংলিশ কাউন্টিতে গতির ঝড় তুলেও আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পাননি অ্যালান ডোনাল্ড। অ্যান্ড্রু হাডসন, ব্রায়ান ম্যাকমিলানদের কাছে আন্তর্জাতিক ক্রিকেট কেবলই স্বপ্ন। সবার স্বপ্নপূরণের দিন হয়ে এল ১৯৯১ সালের ১০ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেনে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার।
সেই ইডেন থেকে আজ সেন্ট জর্জেস পার্ক। পোর্ট এলিজাবেথে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি দক্ষিণ আফ্রিকার ৫০০তম ওয়ানডে। ইডেনে সেই প্রথম ওয়ানডেতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা, হেরেছিল দ্বিতীয় ম্যাচও। তবে প্রথম জয় ধরা দিয়েছিল তৃতীয় ম্যাচেই। এর পর থেকে জয়ের সঙ্গে সখ্যে সেভাবে কখনোই ছেদ পড়েনি। যেটির প্রতিফলন পরিসংখ্যানেও। জয়ের হারে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সফলতম দল।
এমনিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাস সুদীর্ঘ। টেস্ট পরিবারের তৃতীয় সদস্য, প্রথম টেস্ট সেই ১৮৮৯ সালে। কিন্তু প্রথম ওয়ানডে খেলতে নামার আগেই ২৫০ ওয়ানডে খেলা হয়ে গেছে অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান খেলে ফেলেছে দু শর বেশি। এমনকি ক্রিকেটের কুলীন জগতের সদস্য না হয়েও তত দিনে ওয়ানডের স্বাদ পেয়ে গেছে জিম্বাবুয়ে (১২), বাংলাদেশ (৯), এমনকি কানাডা-পূর্ব আফ্রিকার (৩টি করে) মতো দলও। দক্ষিণ আফ্রিকার এই অপেক্ষার কারণটিও প্রায় সবার জানা। আন্তর্জাতিক আঙিনায় ওয়ানডের আবির্ভাবের (১৯৭১) আগের বছরই যে বর্ণবাদের কারণে একঘরে করা হলো দক্ষিণ আফ্রিকাকে! প্রায় ২২ বছরের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ভারতে ওই ওয়ানডে সিরিজ দিয়েই।
ক্রিকেট ঐতিহ্য সুপ্রাচীন, ইংলিশ কাউন্টিও মাতাচ্ছেন তখন দক্ষিণ আফ্রিকার অনেকে। দীর্ঘ বিরতির পর ফিরলেও তাই মানিয়ে নিতে সমস্যা হয়নি। ফেরার পরপরই তো চমক দেখাল তারা ১৯৯২ বিশ্বকাপে। সেই সময়ের অদ্ভুত বৃষ্টি আইনে সেবার সেমিফাইনাল থেকে প্রোটিয়াদের কান্নাবিজড়িত বিদায় ক্রিকেটের চিরস্থায়ী ট্র্যাজেডিগুলোর একটি। বড় টুর্নামেন্টগুলোর সঙ্গে তাদের রহস্যময় এক বৈরিতার শুরুও সেই থেকে। বরাবরই ফেবারিটদের কাতারে থেকেও ১৯৯৮ নকআউট বিশ্বকাপ ছাড়া আর কোনো বড় টুর্নামেন্ট জয়ের স্বাদ পায়নি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বারবার নাটকীয় ব্যর্থতায়ই জুটেছে ‘চোকার’ তকমা। তবে শীর্ষ দলগুলোর একটি হয়ে থেকেছে সব সময়ই। ওয়ানডেতে জয়ের হারে দক্ষিণ আফ্রিকার ওপরে আছে শুধু অস্ট্রেলিয়াই।
ম্যাচ সংখ্যায় ৫০০ ছোঁয়া অষ্টম দল হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে জয়ের সংখ্যায় ৫০০ ছুঁয়েছে শুধুই অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি খেলেও ৫০০ ম্যাচ জয়ের ধারে-কাছে নেই ভারত। দক্ষিণ আফ্রিকার সাফল্যের যে ধারা, তাতে ম্যাচ খেলার দিক থেকে ওপরে থাকা অনেক দেশের আগেই হয়তো জয়েও ৫০০ ছুঁয়ে ফেলবে। ওয়ানডের ম্যাচ-জয় সংখ্যার এই তালিকা প্রমাণ দেবে বাংলাদেশের এগিয়ে চলারও। জয়ের হারে জিম্বাবুয়ের (২৭.৩০) ওপরে উঠে গেছে বাংলাদেশ (২৯.৩০)। আরেকটি জায়গাতেও বাংলাদেশ অনন্য। টেস্টখেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়ানডেতে ‘টাই’ ম্যাচের স্বাদ পায়নি একমাত্র বাংলাদেশই!
ওয়ানডেতে টেস্ট দলগুলো
ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত জয়ের হার (%)
ভারত ৮৪০ ৪২২ ৩৭৬ ৬ ৩৬ ৫২.৮৬
অস্ট্রেলিয়া ৮২৫ ৫০৫ ২৮১ ৯ ৩০ ৬৪.০৮
পাকিস্তান ৮০৫ ৪৩০ ৩৫০ ৮ ১৭ ৫৫.০৭
ওয়েস্ট ইন্ডিজ ৭০৪ ৩৬১ ৩১১ ৮ ২৪ ৫৩.৬৭
শ্রীলঙ্কা ৭০১ ৩২৮ ৩৩৮ ৪ ৩১ ৪৯.২৫
নিউজিল্যান্ড ৬৪৭ ২৭৬ ৩৩১ ৫ ৩৫ ৪৫.৫০
ইংল্যান্ড ৬০৮ ২৯৬ ২৮৪ ৭ ২১ ৫১.০২
দক্ষিণ আফ্রিকা ৪৯৯ ৩০৭ ১৭৩ ৬ ১৩ ৬৩.৭৮
জিম্বাবুয়ে ৪২১ ১১০ ২৯৭ ৫ ৯ ২৭.৩০
বাংলাদেশ ২৭৬ ৮০ ১৯৩ ০ ৩ ২৯.৩০