৫০০তম ম্যাচে জয় উপহার বুফনকে

এক এক করে ইতালিয়ান সিরি ‘আ’তে ‘পঞ্চশতক’ ছুঁয়ে ফেললেন জিয়ানলুইজি বুফন। পরশু লিভর্নোর সঙ্গে ম্যাচটা ছিল ইতালি ও জুভেন্টাসের গোলরক্ষক-অধিনায়কের ৫০০তম লিগ ম্যাচ। অধিনায়কের মাইলফলক ছোঁয়ার উপলক্ষটা জুভেন্টাসও স্মরণীয় করে রাখল জয় দিয়ে। ফার্নান্দো লরেন্তে ও কার্লোস তেভেজের এনে দেওয়া জয়ে (২-০) মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকারও শীর্ষে উঠে গেছে জুভেন্টাস। লিগে এটা জুভেন্টাসের টানা পঞ্চম জয়।
অবশ্য কাল রাতে ক্যালিয়ারির বিপক্ষে জিতে থাকলে আবার হয়তো শীর্ষে উঠে গেছে এএস রোমাই। সে যাই হোক, মৌসুমের গোড়ায় অনেকটা পেছনে পড়ে যাওয়া জুভদের জন্য দ্রুত শিরোপা লড়াইয়ে ফেরাটাই ছিল গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই জুভেন্টাস শিবির উচ্ছ্বসিত। পরশুর জয়ের নায়ক লরেন্তে যেমন বললেন, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। তবে আমি নিশ্চিত, রোমাকে টপকে যাওয়ায় তাদের কিছুটা হলেও চাপে রাখতে পেরেছি।’ ২৮ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার জুভদের প্রথম এগিয়ে দেন ৬৩ মিনিটে। ৭৫ মিনিটে তেভেজের গোলটাও বানিয়ে দিয়েছেন তিনিই।
জুভেন্টাস জিতলেও আবার পয়েন্ট খুইয়েছে ইন্টার মিলান। বোলোনিয়ার মাঠে গিয়ে তারা ড্র করেছে ১-১ গোলে। সাম্পদোরিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে লাৎসিও। ফিওরেন্টিনা তো উদিনেসের মাঠে গিয়ে হেরেই গেছে (১-০)।
ফ্রেঞ্চ লিগে পিএসজির ওপর চাপ অব্যাহতই রেখেছে লিল ও মোনাকো। পরশু দুই দলই জিতেছে ১-০ গোলে। লিল নিজেদের মাঠে হারিয়েছে তুলুসকে। মোনাকোর জয়টা নঁতের মাঠে। এর পরও অবশ্য দুইয়ে থাকা লিলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে পিএসজি। ১৪ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট ৩৪, লিলের ৩০, মোনাকোর ২৯। এএফপি।