কাছাকাছি নাম, লাতিন আমেরিকার মানচিত্রে দেশ দুটির অবস্থানও খুব বেশি দূরে নয়। বেখেয়ালে তাই এটুকু ভুল হতেই পারে। কিন্তু লেকিপ–এর ওই ভুলই যে ডিয়েগো লুগানোকে এত খেপিয়ে তুলবে কে জানত!
বিশ্বকাপ নিয়ে একটা বিশেষ সংখ্যা বের করেছে ফরাসি ক্রীড়া দৈনিকটি। তবে ভুলক্রমে সেখানে স্টেডিয়াম নিয়ে একটি নিবন্ধে উরুগুয়ের মানচিত্রের জায়গায় ছাপা হয়েছে প্যারাগুয়ের নাম, প্যারাগুয়ের জায়গায় উরুগুয়ে! দেখে রীতিমতো রেগে আগুন উরুগুইয়ান অধিনায়ক। পত্রিকার পাতার সেই ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন, সঙ্গে লিখেছেন, ‘ওরা িক জানে না উরুগুয়ে কোথায়? বিশ্বকাপ জেতার পর জানবে তো?’
দেশপ্রেমিক সত্তায় আঘাত লাগলে ক্ষোভের এ রকম বহিঃপ্রকাশ হতেই পারে। তবে ক্ষোভটুকু বাদ দিলে একটা জিনিস কিন্তু পরিষ্কার লুগানোর কথায়, বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে উরুগুয়ে। নইলে কি আর এভাবে হুমকি দেন!
বাছাইপর্বটা যেভাবে পেরিয়েছে উরুগুয়ে, কিংবা ড্রয়ে তাদের মৃত্যুকূপে অবস্থান দেখে উরুগুইয়ান অধিনায়কের এই হুমকিটা অনেকের কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু সেই অনেককে ভুল প্রমাণের সামর্থ্য যে দুবারের চ্যাম্পিয়নদের আছে, সেটা লুগানোরা গত বিশ্বকাপেই দেখিয়েছেন। এবার তো তারা খেলবে পরিচিত পরিবেশে, নিজেদের মহাদেশে। দলকে নিয়ে সমর্থকদের তাই প্রত্যাশাও বেশি ।
সেই সমর্থকদের একজন ব্রাজিল অভিবাসী উরুগুইয়ান বিয়ার্তিজ। পরশু বেলো হরিজন্তের কনফিন বিমানবন্দরে উরুগুয়ে দলকে স্বাগত জানাতে গিয়েছিলেন শ খানেক সমর্থক, ব্রাজিলিয়ান স্বামীকে নিয়ে তাঁদের মধ্যে ছিলেন বিয়ার্তিজও। বললেন, ‘আমার দল চলে এসেছে দেখে ভালো লাগছে। আমি জানি, এবার ওরা শিরোপা জিতেই ফিরে যাবে।’
বিয়ার্তিজরা স্বপ্ন দেখতেই পারেন। ব্রাজিলের মাটি থেকে বিশ্বকাপ জিতে ফিরে যাওয়ার অভিজ্ঞতা যে শুধু উরুগুয়েরই আছে! ১৯৫০ সালে মারাকানার সেই ফাইনাল চিরদিনের জন্য ঠাঁই করে নিয়েছে ফুটবল রূপকথায়। আরও একবার ব্রাজিল বিশ্বকাপের স্বাগতিক হওয়ার পর থেকেই তাই ঘুরেফিরে আসছে সেই প্রসঙ্গ। ৬৪ বছর ধরে ব্রাজিলিয়ানরা বয়ে চলেছেন অলিখিত ফাইনালের সেই দুঃসহ স্মৃতি। এমনকি তিনবার বিশ্বকাপ জেতার পরেও কিশোর বয়সে পাওয়া সেই ক্ষতে প্রলেপ পড়েনি পেলেরও। এবার ফাইনালে উরুগুয়েকে হারিয়ে তবেই সেই স্মৃতি মন থেকে মুছে ফেলতে চান ফুটবলের রাজা, ‘আমি চাই ব্রাজিল-উরুগুয়ে ফাইনাল হোক। তাহলে আমরা ১৯৫০ ফাইনালের শোধ নিতে পারব।’ ওয়েবসাইট।