৫১ বছর পর কার্ডিফ
এই দিনটার জন্য ৫১ বছর অপেক্ষা করতে হয়েছে কার্ডিফ সিটির সমর্থকদের। অপেক্ষাটা ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে জায়গা করে নেওয়ার। প্লেঅফে টানা তিন বছর স্বপ্নভঙ্গের বেদনায় পোড়া দলটি অবশেষে নিশ্চিত করেছে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তরণ। গত পরশু চ্যাম্পিয়নশিপে (প্রথম বিভাগ) চার্লটন অ্যাথলেটিকের সঙ্গে গোলশূন্য ড্র করাতেই লক্ষ্যপূরণ হয় তাদের। ১৯৬২ সালের পর আবার শীর্ষ লিগে ফিরল ওয়েলশ দলটি। কার্ডিফকে নিয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ওয়েলসের দল থাকবে দুটি (অন্যটি সোয়ানসি সিটি)। ইংলিশ শীর্ষ লিগের ইতিহাসে এর আগে কখনোই ওয়েলসের দুটি ক্লাব খেলেনি। প্রতীক্ষাটা ছিল অর্ধশতাব্দীর। তার পরও গত তিন মৌসুমের তিক্ত স্মৃতিটাও ছিল টাটকা। তাই প্রিমিয়ার লিগ নিশ্চিত হতেই বাঁধভাঙা আবেগে ভেসেছেন কার্ডিফের ফুটবলাররা। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু। তাঁদেরই একজন ক্রেগ বেলামি। লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ড গত মৌসুমে নিজ শহরের দলকে প্রিমিয়ার লিগে ওঠানোর পণ করেই যেন গিয়েছিলেন কার্ডিফে। সেই স্বপ্নটা পূরণ হওয়ায় আপ্লুত ওয়েলস জাতীয় দলের ফুটবলার স্কাই স্পোর্টসের কাছে বলেছেন পরবর্তী লক্ষ্যটা, ‘সমাপ্তিরেখা পেরোনোটা দারুণ এক ব্যাপার। এতে কোনো সন্দেহ নেই ওপরে ওঠাটা আমাদের প্রাপ্য। এখন চেষ্টা করতে হবে চ্যাম্পিয়ন হিসেব শেষ করার।’প্রিমিয়ার লিগে কখনো না খেললেও কার্ডিফ সিটি গত বছর উঠেছিল লিগ কাপের ফাইনালে। লিভারপুলের কাছে হারা দলটি এর আগে ২০০৮ সালের এফএ কাপেও হয়েছিল রানার্সআপ। এএফপি।