৫৭০ রান করে ছাড়ল শ্রীলঙ্কা
কুমার সাঙ্গাকারার পর সেঞ্চুরি এসেছে লাহিরু থিরিমান্নে ও দিনেশ চান্দিমালের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের নির্জীব বোলিং আর ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া দেখে মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে ব্যাটিং করে যেতে পারবেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এমন পরিস্থিতিতে যা হয়, তা-ই ঘটছে গলে। লঙ্কান ব্যাটসম্যানদের আধিপত্য রানের পাহাড়ে চাপা দিয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার সিদ্ধান্তটাই যেন বাংলাদেশের জন্য স্বস্তি। প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে ৫৭০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দলের পক্ষে সর্বোচ্চ ১৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লাহিরু থিরিমান্নে। সেঞ্চুরি করেছেন দীনেশ চান্দিমালও। তিনিও অপরাজিত ছিলেন ১১৬ রানে।প্রথম দিন লঙ্কানদের পতন ঘটা তিনটি উইকেটই তুলে নিয়েছিলেন সোহাগ গাজী। আজ তিনি সাফল্য পাননি। দ্বিতীয় দিন বাংলাদেশের একমাত্র সাফল্যটি এসেছে আবুল হাসানের কল্যাণে। দিনের শুরুতে ২৭ রান করা লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফিরিয়েছেন আবুল হাসান।আজ দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশ। পঞ্চম ওভারে লঙ্কান অধিনায়ক ম্যাথুসকে কট অ্যান্ড বোল্ডের ফাঁদে ফেলেন আবুল হাসান। তবে এর পর থেকে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই খেলে চলেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। নির্দিষ্ট করে বললে থিরিমান্নে ও চান্দিমাল। ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যের মূল কারণ বাংলাদেশের বোলারদের ‘অহিংস’ বোলিং আর ফিল্ডারদের বাজে ফিল্ডিংয়ের মহড়া। শাহাদাতের বলে চান্দিমালের সহজ ক্যাচ ফেলেছেন আবুল হাসান। জহুরুলও মিস করেছেন একটি ক্যাচ। হাফ চান্সও ফসকেছে বেশ কয়েকটা। সব মিলিয়ে গল টেস্টে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুশফিক বাহিনীর জন্য।