৫৮ রানে জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান

২০ ওভার শেষে স্কোর ১ উইকেটে ১০৯। মনে হচ্ছিল ভারতের ২৯৪ রানের জবাবে জয় না হলেও দুর্দান্ত লড়াই অন্তত গড়বে জিম্বাবুয়ে। কিন্তু পরের ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে কাছাকাছিও যেতে পারল না স্বাগতিকেরা। ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট খুইয়ে জিম্বাবুয়ের ইনিংস থামল ২৩৬ রানে। ৫৮ রানের জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ভারত।

৩১ ওভারের মধ্যে ১৩৩ রানে ছয় উইকেট হারানোর পরই হারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল জিম্বাবুয়ের। তবে তার পরও শেষ পর্যায়ে বেশ ভালোই প্রতিরোধ গড়েছিলেন এলটন চিগুম্বুরা ও প্রসপার উেসয়া। সপ্তম উইকেটে ৮৮ রানের জুটি গড়ে প্রায় শেষ পর্যন্তই উইকেটে ছিলেন এই দুই ব্যাটসম্যান। ৪৯তম ওভারে ৪৬ রান করে চিগুম্বুরা সাজঘরের পথ ধরলেও ৫২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন উেসয়া। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংসটি এসেছে ওপেনার ভুসি সিবান্দার ব্যাট থেকে। ভারতের পক্ষে ৪১ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন উনাদকাট। এর মধ্যে দুইটিই পেয়েছেন শেষ ওভারে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানেই চার উইকেট হারিয়ে শুরুতে ধুঁকছিল ভারতও। কোহলির দলকে রীতিমতো চেপেই ধরেছিল পুঁচকে জিম্বাবুয়ে। কিন্তু স্বাগতিকদের প্রাথমিক সাফল্যটা ম্লান করে দিয়েছেন শিখর ধাওয়ান। আজ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। মাত্র ১৭টি ম্যাচ খেলেই তিনটি সেঞ্চুরি করলেন এই তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান। তাঁর ক্যারিয়ার সেরা ১১৬ রানের ইনিংসে ভর করেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে ২৯৪ রানের বড় সংগ্রহ গড়ে ভারত।

ধাওয়ানের সঙ্গে দিনেশ কার্তিকের পঞ্চম উইকেটের ১৬৭ রানের জুটিটাই পাল্টে দিয়েছে ম্যাচের গতিপ্রকৃতি। এর আগে মাত্র ৬৫ রানের মধ্যেই চারটি উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণভাবেই করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে।

দ্বিতীয় ওভারেই দলীয় ২ রানের মাথায় রোহিত শর্মাকে হারিয়ে ভারতের ধাক্কা খাওয়ার শুরু। ব্রায়ান ভিটোরি এরপর ফিরিয়েছেন গত ম্যাচে অভিষেকেই অপরাজিত ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলা আম্বাতি রাইডুকে। তবে এরই মাঝখানে কাইল জারভিস কাজের কাজ করেছেন ফর্মের তুঙ্গে থাকা ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে ১৪ রানে ফিরিয়ে দিয়ে। এর পরই রায়নার পতন জিম্বাবুয়েকে হয়তো একটি অঘটনের আশাই দেখিয়েছিল হারারেতে।

কিন্তু স্বাগতিকদের সেই আশা চুরমার করে দিয়েছেন ধাওয়ান আর কার্তিক। এই জুটিতে ভারত শুধু ঘুরেই দাঁড়ায়নি, পেয়েছে বেশ বড় সংগ্রহ। ৪৩তম ওভারে কার্তিক রানআউটের ফাঁদে না পড়লে ভারতের স্কোরটা হয়তো আরও বড় হতে পারত। সাজঘরে ফেরার আগে কার্তিকের ব্যাট থেকে এসেছে ৬৯ রান। পরের ওভারে ধাওয়ানও আউট হয়েছেন উতসেয়ার শিকার হয়ে।  শেষ ৬ ওভারে ৫৭ রান তুলে ভারত ২৯৪ রানে পৌঁছায় মূলত বিনয় কুমারের কৃতিত্বে। ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংসটি খেলে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ভারত-জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে