৫৮-লজ্জার পর সান্ত্বনার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল সিরিজ জিতে গেছে। আরেক দল মুখের সামনে থেকে নিশ্চিত জয়ের গ্রাস চলে যেতে পারে বলে বিলাপ করছে । তবে কাল একটা জায়গায় মিলে গেল ভারত-বাংলাদেশ দুই দলই। কেউই পুরোপুরি অনুশীলন করল না।
দুই দলেরই অনুশীলন ছিল ঐচ্ছিক। দুপুরের পর বাংলাদেশ দল থেকে মিরপুরে অনুশীলন করতে গিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং দ্বিতীয় ওয়ানডেতে না খেলা চার ক্রিকেটার আবদুর রাজ্জাক, মুমিনুল হক, শামসুর রহমান ও সোহাগ গাজী। পেসাররা কাটিয়েছেন বিশ্রামে। ভারতীয় দল থেকে ঐচ্ছিক অনুশীলনে যান চার ক্রিকেটার। বাকিরা হোটেলেই জিম আর সুইমিং করেছেন।
আজ মিরপুরে দিবারাত্রির শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল চাইবে টানা ৯ ম্যাচে হারের ধারায় যতি টানতে। শেষ ম্যাচটা জিতে অন্তত ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে। অন্যদিকে দ্বিতীয় সারির ভারতীয় দলের লক্ষ্য বাংলাদেশকে ধবলধোলাই করে অপরাজিতভাবে সিরিজ শেষ করা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগের দুই ম্যাচের মতো আজও খেলায় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দৃষ্টি অবশ্য এই ম্যাচ ছাড়িয়ে চলে যাচ্ছে ভবিষ্যতের দিকে। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান যেমন কাল জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ম্যানেজার খালেদ মাহমুদকে নিয়ে বসেছিলেন ভবিষ্যৎ নিয়ে আলোচনায়। ভারত সিরিজ শেষ হওয়ার আগেই তাঁরা আলোচনা করেছেন কবে থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু করা যায়, ২০১৫ বিশ্বকাপ সামনে রেখেই বা কী কী করণীয়।
ভারতকে ১০৫ রানে অলআউট করে দিয়েও নিজেদের ৫৮ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা, বখাটে দর্শকদের সঙ্গে সাকিব আল হাসানের হাতাহাতি—সব মিলিয়ে এখন পর্যন্ত এবারের ভারত সিরিজটা শুধুই কলঙ্কের। তবে সাকিবের জন্য সুখবর, আগেরবারের মতো এবার সম্ভবত ম্যাচ থেকে বহিষ্কৃত হওয়ার শাস্তি পাচ্ছেন না তিনি। ড্রেসিংরুম থেকে বিনা অনুমতিতে বেরিয়ে গিয়ে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ার জন্য সিরিজ শেষে কেবল আর্থিক জরিমানাই করা হতে পারে তাঁকে। জরিমানার অঙ্ক হতে পারে ২ লাখ টাকা।