এশিয়া কাপে ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশের ১৬৭ রান তাড়া করতে নেমে ভারত ৩০.৪ ওভারে ১৬৮ রান করে জয় ছিনিয়ে নেয়। ভারতের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ ছিল গৌতম গাম্ভীরের। তিনি ৮২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। এ ছাড়া ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩৮ রানে অপরাজিত থাকেন।এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬৭ রানে অলআউট হয়ে সবাইকে হতাশ করে বাংলাদেশ দল। সবচেয়ে বড় ব্যাপার, ইনিংসের একপর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১৫৫। সেখান থেকে ১৬৭ রানে অলআউট হওয়াটা একেবারেই মেনে নেওয়ার মতো নয়।ব্যাটিংয়ের শুরুটা কিন্তু একেবারে খারাপ হয়নি বাংলাদেশের। মাত্র ৩ ওভারেই ইনফর্ম তামিম ইকবাল ও ইমরুল কায়েসের তাণ্ডবে ৩৫ রান উঠে গিয়েছিল স্কোর বোর্ডে। তামিম ব্যক্তিগত ২২ রানে মিড উইকেটে প্রাভিন কুমারের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়লে বাংলাদেশের ইনিংসে প্রথম ছন্দপতন ঘটে। এরপর মোহাম্মদ আশরাফুল দলীয় ৮১ রানে ২০ রান করে আশীষ নেহরার বলে প্রাভিন কুমারের ক্যাচে পরিণত হয়ে ব্যর্থতার ধারা অব্যাহত রাখেন। ইমরুল কায়েস আউট হন ৩৭ রানে। অধিনায়ক সাকিব ব্যক্তিগত ৭ রানে হরভজন সিংয়ের বলে বোল্ড হন। মুশফিকুর রহিম ৩০ ও মাহমুদউল্লাহ ২৩ রানে আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ে আসল বিপর্যয় শুরু হয়। ৫ উইকেটে ১৫৫ রান থেকে বাংলাদেশের শেষ পাঁচজন ব্যাটসম্যান স্কোর বোর্ডে যোগ করেন আর মাত্র ১৭ রান। বীরেন্দর শেবাগ মাত্র ২.৩ ওভার বল করে ৬ রানে তুলে নেন ৪ উইকেট। অনিয়মিত বোলারদের মাঝেমধ্যে উইকেট পাওয়ার আনন্দ দিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে জুড়ি নেই, তা প্রমাণিত হলো আরও একবার।