৬ উইকেটে হেরেছে বাংলাদেশ
হার দিয়েই শুরু হলো বাংলাদেশের ন্যাটওয়েস্ট সিরিজ। গতকাল বৃহস্পতিবার রাতে ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ছয় উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল। রকিবুল হাসান ও জুনায়েদ সিদ্দিকের ব্যাটের ওপর ভর করে নয় উইকেটে ২৫০ রান তোলে বাংলাদেশ। জবাবে ইয়ান বেলের অসাধারণ নৈপুণ্যে ২৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরুর আগে দুই দলের অধিনায়কের মুখে ছিল তামিম ইকবালের নাম। শুরুটাও দুর্দান্ত করেছিলেন তামিম, ম্যাচের প্রথম দুই বলে দুটি চার মেরে। তবে ২২ বলে ২৮ রান করেই আউট হয়ে যান তিনি। তামিম না পারলেও বাংলাদেশ দলে দারুণ প্রত্যাবর্তন হয়েছে রকিবুল হাসানের। জুনায়েদও যথাসাধ্য চেষ্টা করেছেন। ৭০ রানে দুই উইকেট হারানোর পরও যে বাংলাদেশ শেষ পর্যন্ত ২৫০ রান তুলতে পেরেছে; তা এই দুজনের কল্যাণেই। রকিবুল ৭৬ ও জুনায়েদ ৫১ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়ানডে দলে জায়গা না পাওয়ার অভিমানে দেশের মাটিতে এই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রকিবুল। সংক্ষিপ্ত অবসর কাটিয়ে রকিবুল যেন ফিরলেন যেখান থেকে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই।বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে স্কোরটা আরও বড় হতে পারত। ২০ ওভার শেষে দুই উইকেটে ছিল ৯৯ রান। ৩০ ওভার শেষে তিন উইকেটে ১৪২। ৪০ ওভার শেষে চার উইকেটে ১৮৭। ছয় উইকেট হাতে নিয়ে শেষের ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৬৭ রান! বাংলাদেশের দিক থেকে ২৫০ রান সম্মানজনক হলেও ইংল্যান্ডের মাটিতে গিয়ে তাদের হারানোর জন্য তা যথেষ্ট ছিল কি না, তা স্পষ্ট হয়ে উঠতে বেশিক্ষণ সময় লাগেনি। শুরু থেকে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ইয়ান বেল ও অ্যান্ড্রু স্ট্রাউসের জ্বলে ওঠার দিনে কেবল হতাশাই পেয়েছেন মাশরাফি-রাজ্জাকেরা। তবে বেলরা সবচেয়ে বেশি হতাশায় পুড়িয়েছেন শফিউল ইসলামকে। পাঁচ ওভার বল করে এই বোলার দিয়েছেন ৪৬ রান! স্ট্রাউস ৫০ রান করে আউট হলেও ৮৪ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন ইয়ান বেল।