আইপিএলের চতুর্থ দিনে বীরেন্দর শেবাগের দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে শেন ওয়ার্নের রাজস্থান রয়েলস। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ দলীয় প্রচেষ্টার স্মারক রেখে ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডেয়ার ডেভিলস অধিনায়ক বীরেন্দর শেবাগ। অমিত সিং, শেন ওয়ার্নের কৃপণ বোলিংয়ের সামনে শুরু থেকেই খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি ডেয়ার ডেভিলসের ব্যাটসম্যানরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ও বেনুগোপাল রাও ছাড়া আর কারও ব্যাট থেকেই উল্লেখ করার মতো রান আসেনি। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটসম্যানের ৮৩ রানের জুটির ওপর ভর করে ১৫১ রান সংগ্রহ করে তারা। ওয়ার্নার খেলেছেন ৪৪ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস। বেনুগোপাল তাঁর ৬০ রানের ইনিংসটি খেলেছেন ৪০ বলে। চার ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন রাজস্থান রয়েলসের অধিনায়ক শেন ওয়ার্ন।১৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার অমিত পাওনিকারের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে গিয়েছিল রাজস্থান। তবে রাহুল দ্রাবিড়ের ৩৮, জোহান বোথার হার না-মানা ৩৯, অশোক মেনারিয়ার ২২ ও রস টেলরের ১০ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে খুব সহজেই জয় তুলে আনে তারা। দিল্লি ডেয়ার ডেভিলসের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন অশোক ডিনডা, মরনে মরকেল, ইরফান পাঠান ও ভন ডার মারউয়ি।