৬ উইকেটের সহজ জয় দিল্লির
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দিল্লি। ৪৪ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮২ রান যোগ করে জয়টা নাগালের মধ্যে নিয়ে আসেন ডেভিড ওয়ার্নার ও উনমুক চাঁদ। এরপর চারটি উইকেট হারালেও জয়ের বন্দরে পৌঁছাতে খুব একটা ঘাম ঝরাতে হয়নি দিল্লিকে। বেনুগোপাল রাও ২১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মরনে মরকেল ও উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ের মুখে খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। মাত্র ২০ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন পাঞ্জাবের প্রথম সারির চার ব্যাটসম্যান, মানদিপ সিং, অ্যাডাম গিলক্রিস্ট, পল ভালতাথি ও ডেভিড হাসি। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে সিদ্ধার্থ চিসনিস ও গুর্কেরাত সিংকে সঙ্গে নিয়ে ৫৭ ও ৪৫ রানের জুটি গড়ে তোলেন আজহার মেহমুদ। এই দুটি জুটির সুবাদেই ১৪১ রানের সম্মানজনক সংগ্রহ জমা করে পাঞ্জাব। দিল্লির পক্ষে মাত্র ২০ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন উমেশ যাদব। ১৯ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন মরকেল।