৬ ক্রিকেটারের ডোপ টেস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের তিনজন করে মোট ছয় ক্রিকেটারের ডোপ টেস্ট হয়েছে কাল সোনারগাঁও হোটেলে। কোনো সন্দেহ থেকে অবশ্য নয়, এটা অনেকটা নিয়ম রক্ষার ডোপ টেস্টই। আইসিসির হয়ে যাঁরা ডোপ টেস্ট পরিচালনা করেন, অস্ট্রেলিয়ার সেই প্রতিষ্ঠানের পাঠানো তালিকা ধরেই কঠোর গোপনীয়তায় ডোপ টেস্ট হয়েছে ক্রিকেটারদের।গত বিশ্বকাপেই প্রথমবারের মতো বাংলাদেশে ক্রিকেটারদের ডোপ টেস্ট হয়। তবে দ্বিপক্ষীয় কোনো সিরিজে বাংলাদেশে এ ধরনের পরীক্ষা এবারই প্রথম। বিশ্বকাপের সময় ডোপ টেস্ট পরিচালনা করেছিলেন আইসিসির বিশেষজ্ঞরা। এবার সেটি করছে স্থানীয় বিশেষজ্ঞ দল। তবে সংগত কারণেই এ থেকে দূরে রাখা হয়েছে বিসিবির চিকিৎসকদের। এ বিষয়ে তাই তাঁদের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।আগে আইসিসির চিকিৎসকেরা ডোপ টেস্ট পরিচালনা করলেও খরচ কমাতে এখন থেকে যে দেশে সিরিজ হবে, সে দেশের চিকিৎসকেরাই সেটি করবেন। এ কারণে এখন থেকে ডোপ টেস্টটা আগের চেয়ে অনেক বেশি নিয়মিত হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। কাল ডোপ টেস্ট করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড ও দিনেশ রামদিনের। তবে বিসিবির গোপনীয়তার কারণে নাম জানা যায়নি বাংলাদেশের তিন ক্রিকেটারের।