শততম ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়েছেন, পরশু আরেকটি অদ্ভুত কীর্তিতেও নাম লিখিয়েছেন মিচেল জনসন। বোলিংয়ে এসেছিলেন ৬ নম্বরে, উইকেটও পেয়েছেন ৬টি! নজিরবিহীন না হলেও এই কীর্তি যথেষ্টই বিরল। জনসনের আগে যা ছিল মাত্র চারজনের। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া, সে সময় তাঁর মূল পরিচয় ছিল বাঁ হাতি স্পিনার! ওই বছরই হিরো কাপের ফাইনালে ১২ রানে ৬ উইকেট পেয়েছিলেন অনিল কুম্বলে। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি ও ৬ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়ার ম্যাচে পল কলিংউড বোলিংয়ে এসেছিলেন ৬ নম্বরে। ‘প্রিয় প্রতিপক্ষ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন মুরালি কার্তিক। তালিকাটা জানাচ্ছে, পাঁচজনের তিনজনই স্পিনার, কলিংউড স্লো মিডিয়াম। জনসনই একমাত্র ফাস্ট বোলার! নতুন বলে বোলিং করাটা উপভোগ করেন না কখনোই, এজন্যই হয়ত ‘মিচ’কে আনা হয়েছিল ৬ নম্বরে। গ্রায়েম ক্রেমারকে আবার রাখা যায় এক ধাপ এগিয়ে, জিম্বাবুয়ের লেগ স্পিনার কেনিয়ার বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ৭ নম্বরে বোলিং করে!