৬ নম্বরের জন্য লড়ছেন যুবরাজ-রায়না
সুরেশ রায়না আর যুবরাজ সিংয়ের ব্যাটে ভর করে অনেক ম্যাচই জিতেছে ভারত। শেষপর্যায়ে দুর্দান্ত জুটি গড়ে রায়না ও যুবরাজ দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, এমন অনেক উদাহরণ পাওয়া যাবে। ফিল্ডিংয়ের সময়ও সমানভাবে সক্রিয় থাকেন এই দুই ভারতীয় ক্রিকেটার। দারুণ সব ক্যাচ নিয়ে বা সরাসরি থ্রোতে রান-আউট করে দুজনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন অনেকবার। তবে এখন ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য লড়াইটা হচ্ছে যুবরাজ সিং ও সুরেশ রায়নার মধ্যে। ৬ নম্বরের ব্যাটসম্যান হিসেবে এ দুজনের মধ্যে একজন জায়গা পাবেন সামনের মাসে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে।৬ নম্বরের জন্য লড়াইটা যুবরাজ ও রায়নার মধ্যে অনেক দিন ধরেই ছিল। ২০১০ সালে অভিষেক ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করার সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে যুবরাজকে সরিয়ে দলে জায়গা পেয়েছিলেন রায়না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার দলে ফিরেছিলেন যুবরাজ; এরপর ক্যানসার ধরা পড়ায় ক্রিকেট অঙ্গন থেকে দূরে সরে গিয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার।অন্য সব ক্রিকেটারের মতো ভারতের হয়ে টেস্ট খেলার ইচ্ছাটা সুরেশ রায়নারও আছে। তবে ক্যানসার জয় করে ক্রিকেটে ফেরা যুবরাজ যেন আবার ভারতের হয়ে টেস্ট খেলতে পারেন, সেই ইচ্ছার কথাও জানিয়েছেন সুরেশ রায়না। তিনি বলেছেন, ‘যুবরাজ আমার আদর্শ। আমি আবারও তাকে সাদা পোশাকে মাঠে দেখতে চাই। আমি নিজেও দলে জায়গা পেতে চাই। কিন্তু এখন কে শেষপর্যন্ত সুযোগ পাবে, সেটা নিয়ে আর ভাবব না।’ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আরেকটি বিশেষ কারণে দলে জায়গা করে নিতে চান সুরেশ রায়না। ভারতের শেষ ইংল্যান্ড সফরে দলে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেবার লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। এবার নিজেদের মাটিতে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চান রায়না। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ হারের যন্ত্রণাটা আমি এখনো অনুভব করি। এবার ইংলিশ ক্রিকেটারদের সেই যন্ত্রণার খানিকটা হলেও ফিরিয়ে দিতে চাই।’ ক্রিকইনফো।