৬ হাজার ডলার নিয়েছিলেন পন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান পন্ট
ইয়ান পন্ট

দিনভর অপেক্ষা। বিকেলে একটা ছোট সংবাদ বিজ্ঞপ্তি। তাতে তথ্য বলতে, ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানি শুরু করেছেন, যা মঙ্গলবার (কাল) সকাল থেকে আবার চলবে। বিজ্ঞপ্তির বাদ বাকি কথার সারমর্ম—গোপনীয়তা এবং শুনানিতে অংশগ্রহণকারীদের সম্মান রক্ষার্থে কাল সারা দিনে কী হলো, সে ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করা যাবে না।
ট্রাইব্যুনালের প্রধান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম মুখেও সেটাই বলে চলে গেলেন বে গ্যালারিয়া ভবন থেকে। বিপিএল স্পট ফিক্সিংয়ের শুনানি হচ্ছে গুলশানের এই ভবনেই। ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিছু বলা না হলেও পরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী যা শোনালেন, তা মোটামুটি বোমা ফাটানোর মতোই। আইসিসি থেকে সরবরাহকৃত বিভিন্ন দলিলপত্রেই নাকি উল্লেখ আছে, বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিংয়ের ব্যাপারটি আগে থেকে জানতেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ইংলিশ কোচ ইয়ান পন্ট। এ জন্য তিনি ৬ হাজার ডলারও নিয়েছেন। তার পরও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করাটাকে পুরো প্রক্রিয়ার ত্রুটি হিসেবে তুলে ধরেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের আইনজীবীরাই।
‘ওনারাই (আইসিসি) বলছেন যে ইয়ান পন্ট প্রথম থেকে এর সঙ্গে জড়িত ছিলেন। অথচ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এটাকে আমরা পুরো প্রক্রিয়ার ত্রুটি হিসেবে দেখিয়েছি। ট্রাইব্যুনালও এটাকে বিবেচনায় নিয়েছেন। পন্টের বিরুদ্ধে কেন অভিযোগ গঠন করা হয়নি, তার একটা উত্তর আইসিসিকে দিতে হবে’—বলেছেন ব্যারিস্টার নওরোজ। তাঁর পাল্টা অভিযোগ, ‘অভিযোগ আনা হয়েছে শুধু বাংলাদেশি লোকদের বিরুদ্ধে। তিনি খেলোয়াড়ই হোন বা মালিক পক্ষ। বিদেশি কারও বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ আনা হয়নি। দু-একজনের বিরুদ্ধে যাও আনা হয়েছে, সেসবও ছোটখাটো অপরাধে।’
কাল প্রাথমিক শুনানিতে অভিযোগনামার ত্রুটি-বিচ্যুতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তদের আইনজীবীরা। ট্রাইব্যুনালের কাছে তাঁরা জানতে চেয়েছেন, বিপিএলের খেলোয়াড়-কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনার এখতিয়ার আদৌ আইসিসির আছে কি না। আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তাদের অধীনে থেকে তাদেরই আবার বিসিবি কীভাবে তদন্তে নিয়োগ দেয়, আছে সে প্রশ্নও।
শুধু মোহাম্মদ রফিক ছাড়া বাকি আট অভিযুক্তের আইনজীবীই কাল শুনানিতে হাজির ছিলেন। ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যারিস্টার নওরোজ ছাড়াও মোহাম্মদ আশরাফুল ও ড্যারেন স্টিভেন্সের পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন তাঁদের ব্রিটিশ আইনজীবী ইয়াসিন প্যাটেল, মাহবুবুল আলম ও মোশাররফ হোসেনের পক্ষে ব্যারিস্টার নুরুস সাদিক, ঢাকা গ্ল্যাডিয়েটরসের ভারতীয় প্রধান নির্বাহী গৌরব রাওয়াতের পক্ষে ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া এবং কৌশল লোকুয়ারাচ্চির পক্ষে ছিলেন শ্রীলঙ্কান এক আইনজীবী। উপস্থিত ছিলেন অভিযুক্ত ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও। তবে শুনানিতে অংশ নেননি তিনি।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের আইনজীবী নওরোজ শুনানি শেষে বারবারই প্রশ্ন তুলেছেন বিদেশি কোচ-ক্রিকেটারদের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসুর নমনীয় মনোভাব নিয়ে। ওয়াইজ শাহ, জশুয়া কবের নাম উল্লেখ করে বলেন, ‘খেলাটা হারা হয়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে, বোলারদের ব্যর্থতার কারণে নয়। আশরাফুল ছাড়া টপ অর্ডার ব্যাটসম্যানরা সব বিদেশি ছিল। ওরা কেন ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচটা হারল? ওদের বিরুদ্ধেই তো মূল অভিযোগ আনা উচিত ছিল। কেন গুরুতর অভিযোগগুলো শুধু বাংলাদেশিদের বিরুদ্ধেই আনা হলো?’ ইয়ান পন্ট সম্পর্কে আলাদা করেই বলেছেন, ‘আমাদের যে ডকুমেন্টস (আইসিসি থেকে) দেওয়া হয়েছে তাতে দেখা গেছে ইয়ান পন্ট বিষয়টা প্রথম থেকে জানতেন এবং এ জন্য তিনি ৬ হাজার ডলারও নিয়েছেন।’ অবশ্য শুনানিতে প্রসঙ্গটি তোলার পর আইসিসির আইনজীবীরা এর বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ব্যারিস্টার নওরোজ।
গুরুতর অভিযোগগুলো শুধু বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে আনাকে এক ধরনের চক্রান্তও মনে করছেন তিনি, ‘আমরা মনে করি, বিসিবিকে অনেকটা ভিকটিম করে আইসিসি এ ধরনের অভিযোগ গঠন করেছে এবং দিন শেষে এটা বিপিএল বন্ধ করারই এক ধরনের পাঁয়তারা।’