৬০ ঘণ্টার ভ্রমণ শেষে ৮-০'র হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচন যাওয়ার আগে ফুরফুরে মেজাজেই ছিলেন জাতীয় হকি দলের খেলোয়াড়েরা। কিন্তু ৬০ ঘন্টার ভ্রমণ হকি খেলোয়াড়দের এই হাসি কেড়েই নিয়েছে ছবি: প্রথম আলো
ইনচন যাওয়ার আগে ফুরফুরে মেজাজেই ছিলেন জাতীয় হকি দলের খেলোয়াড়েরা। কিন্তু ৬০ ঘন্টার ভ্রমণ হকি খেলোয়াড়দের এই হাসি কেড়েই নিয়েছে ছবি: প্রথম আলো

শঙ্কাটা প্রথম থেকেই ছিল। যেদিন জাতীয় দলের ইনচন যাত্রার রুট চূড়ান্ত হয়েছে, সেদিনই প্রশ্নটা উঠেছিল। দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণ শেষে ইনচনে পৌঁছেই যে ম্যাচ, তাতে হকি দল কী করবে! আশঙ্কাটাই সত্যে পরিণত করেছে জাতীয় হকি দল। জাপানের বিপক্ষে এশিয়ান গেমস হকিতে নিজেদের প্রথম ম্যাচেই হার ৮-০ গোলের বিশাল ব্যবধানে।
চায়না ইস্টার্ন এয়ারলাইনসে ইনচন পাঠানো হয়েছে জাতীয় হকি দলকে। দক্ষিণ কোরিয়া যেতেই পাক্কা ৬০ ঘণ্টার ভ্রমণ! সেই ১৬ সেপ্টেম্বর রওনা দিয়ে দল ইনচন পৌঁছেছে ম্যাচের এক ঘণ্টা আগে। বিশ্রাম ছাড়াই জাপানের বিপক্ষে কঠিন ম্যাচে মাঠে নামতে হয়েছে। বিশাল ব্যবধানের এই হারে খেলোয়াড়দের সমালোচনায় ভাসানোর আগে কর্মকর্তাদের ‘বলিহারি বুদ্ধি’র বিরুদ্ধে বলতেই হয়। যে কর্মকর্তারা জাতীয় দলকে এমন শারীরিক ও মানসিক অবসাদের মধ্যে ইচ্ছে করে ফেলে দিতে পারেন, তাঁদের যোগ্যতা নিয়েই তো প্রশ্ন তোলা যায়।
৬০ ঘণ্টার বিমান ভ্রমণে ২১ ঘণ্টাই তাঁদের কাটাতে হয়েছে ব্যাংককে। যাত্রাটাকে আরামদায়ক করলে আজ জাপানের বিপক্ষে ভরাডুবিতে হয়তো পড়তে হতো না জাতীয় হকি দলের।
যা-ই হোক, এশিয়ান গেমসের মতো একটি প্রতিযোগিতায় জাপানের মতো এক প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের এক দিন আগে পৌঁছালে যা হয় আর কি, ম্যাচে সেটাই হয়েছে। ক্লান্ত-বিধ্বস্ত বাংলাদেশ দলের ওপর প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়ে জাপান। ম্যাচের ৩, ১১, ২১, ৩৩, ৪৩, ৪৮, ৪৯ ও ৫৬ মিনিটে তুলে নেয় আটটি গোল। এর মধ্যে দুটি পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের মাত্র এক দিন আগে ইনচন গিয়ে পৌঁছানো দল মাঠে কীভাবে খেলেছে, সেটা অবশ্য কল্পনা করে নিতে সমস্যা হয় না। কিন্তু এটা কল্পনা করতে কষ্ট হয় যে এমন সব কাণ্ড ঘটিয়েও এদেশের ক্রীড়া কর্মকর্তারা ঠিকই নিজেদের জায়গাটিতে বহাল তবিয়তে টিকে যান। বলির পাঁঠা করা হয় খেলোয়াড়দের।
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। জাপান ছাড়াও এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।