৬০ রানেই শেষ বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ নির্ধারণী ম্যাচ। অথচ এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের প্রথম ধাপটা চরম বাজেভাবে কাটল বাংলাদেশের মেয়েদের। দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলমান এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। কিন্তু শুরুটা ভালো হয়নি। কোনো রানের দেখা পাওয়ার আগেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। পাঁচ ওভার শেষে সংগ্রহ ছিল পাঁচ রান। ততক্ষণে সাজঘরে ফেরেন তিনজন খেলোয়াড়। ইনিংসের শুরুর এই ধাক্কা সামলে কখনোই ঘুরে দাঁড়াতে পারেননি স্বাগতিক মেয়েরা। এর প্রমাণ, নির্ধারিত ওভারের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ। ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২৪.১ ওভারে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়ে চারটি উইকেট তুলে নেন শবনিম।সিরিজের প্রথম ওয়ানডেতে দুই উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে গত শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচে যে জিতবে, সিরিজ হবে তাদেরই।