৬১ বলে টেস্ট শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা বাদ দিয়ে উইকেট নিয়ে আলোচনা করছেন স্টুয়ার্ট ও অ্যামব্রোস
খেলা বাদ দিয়ে উইকেট নিয়ে আলোচনা করছেন স্টুয়ার্ট ও অ্যামব্রোস

নিজের অভিষেক টেস্টে ব্যাট-বল হাতে নেওয়ার সুযোগই হয়নি নিক্সন ম্যাকলিনের। ১৯২৪ সালে ইংল্যান্ডের ম্যাকব্রায়ানেরও এমন অভিজ্ঞতা হয়েছিল নিজের খেলা একমাত্র টেস্টটিতে। দলের শীর্ষ সারির ব্যাটসম্যানদের অভাবনীয় সাফল্যে এমন অভিজ্ঞতার স্বাদ পেয়েছিলেন ম্যাকব্রায়ান। দলের সাফল্যে নিজের ব্যাট-বলের সংস্পর্শে না আসার দুঃখ ভোলা সহজই ছিল তাঁর জন্য। কিন্তু ম্যাকলিনের এমন অভিজ্ঞতার কারণ ছিল অন্য কিছু। ছিল উইকেটের খেয়ালি আচরণ।
মাত্র ৬১ বল আর ৫৬ মিনিটেই শেষ হয়েছিল ম্যাকলিনের অভিষিক্ত হওয়া কিংস্টন টেস্টটি। ১৯৯৮ সালের আজকের এই দিনে জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার ছয় টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি। ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। সঙ্গী অ্যালেক স্টুয়ার্টকে নিয়ে ওপেনিংয়েও নামলেন। কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোস সেই সময়ের ভয়ংকর পেস জুটি। কিন্তু কয়েক বল খেলার পরই আথারটন টের পেলেন এখানে ওয়ালশ, অ্যামব্রোসের মতো আরেকটি প্রতিপক্ষ আছে। অদৃশ্য সেই প্রতিপক্ষের নাম পিচ।
জ্যামাইকার অফিশিয়ালরা ঐতিহ্যগত সুবিধা নেওয়ার জন্য আগের মতো পেস সহায়ক উইকেট পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। মাত্র ছয় মাস আগে কাজ শুরু হওয়া সেই উইকেট মাটির সঙ্গে সমানভাবে মিশে যাওয়ার সময় ছিল না। কিন্তু টেস্ট শুরুর আগে জ্যামাইকার প্রধান নির্বাহী জর্জ প্রেসকড ও গ্রাউন্ডসম্যান চার্লি জোসেফ জানিয়েছিলেন, পিচ খেলার উপযুক্ত। যদিও প্রতিপক্ষ নতুন পিচে কাদামাটির আর্দ্রতা দেখে এখানে অসম বাউন্স আর গতির আশঙ্কা করেছিল আগেই।

স্যাবাইনা পার্কের সেই পিচটি যে একেবারেই খেলার অনুপযুক্ত, সেটি প্রথম বুঝতে পারেন আথারটনই। পরপর দুই বলে একই জায়গায় আঘাত পান তিনি। একটি বল চলে যায় তার কাঁধের ওপর দিয়ে, আরেকটি আঘাত হানে পায়ে। ৭ বল খেলে ২ রান করে তিনি আউট হন ওয়ালশের বলে ক্যাচ দিয়ে। এরপর দ্রুতই ফিরে যান মার্ক বুচার ও নাসের হুসেন। ৭.২ ওভারে ৯ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ২ ওভার ৫ বল খেলা হয়। কিন্তু ততক্ষণই স্পষ্ট হয়ে যায়, এই উইকেটে আর যাই হোক, ক্রিকেট সম্ভব নয়। ১০.১ ওভার খেলা হতেই দুই পক্ষ মেনে নেয়, এখানেই ম্যাচের সমাপ্তি। মাত্র ৬১ বলে শেষ হয়ে যায় টেস্ট। অ্যামব্রোসের একমাত্র নো বলটিও হিসাবে নিলে ম্যাচে সব মিলিয়ে বল হয়েছে মাত্র ৬২টি!

সেই ম্যাচে ব্যাটিং করার অভিজ্ঞতা সম্পর্কে বুচার বলেন, ‘ওয়ালশ খুব সাধারণভাবে দৌড়ে এসে বল করলেন। বল পিচে আঘাত করেই উড়ে আসতে থাকল আমার দিকে। আমার মাথার ওপর দিয়ে আকাশমুখী ছুটল।’ উইকেটরক্ষককে ফাঁকি দিয়ে সেই বলে ইংল্যান্ড বাই ৪ রান পাওয়ায় বুচারের কথাকে বাড়াবাড়ি মনে হবে না।

বুচারও ক্যাচআউট। নাসের ২ বলে ১ রান করে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা করে অনেকটা ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নে ফেরেন। অ্যালেক স্টুয়ার্ট তিনবার এবং গ্রাহাম থর্প দুবার আঘাত পান। স্বল্প সময়ের ব্যবধানে ইংল্যান্ডের ফিজিও থেরাপিস্ট ওয়েন মর্টনকে ছয়বার মাঠে ঢুকতে হয় খেলোয়াড়দের শুশ্রূষা দেওয়ার জন্য।

৩ ওভার পর্যবেক্ষণ করে আম্পায়ার ভেংকটরাঘবন ওয়াকিটকিতে কথা বলেন ম্যাচ রেফারির সঙ্গে। আইসিসির রীতি অনুযায়ী ৩ ওভার না দেখে কোন পিচকে খেলার অযোগ্য ঘোষণা করা যায় না। খেলার বয়স যখন ৫৬ মিনিট। ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৭। উইকেটে থাকা অ্যালেক স্টুয়ার্ট ডেকে পাঠান আথারটনকে। আথারটন ডাকেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারাকে। দুই অধিনায়ক আম্পায়ার স্টিভ বাকনার ও ভেংকটরাঘবনের সঙ্গে কথা বলে ১০ মিনিট পর সব খেলোয়াড় নিয়ে মাঠ থেকে উঠে আসেন। এতে সায় দেয় প্রতিপক্ষও। অ্যামব্রোস ও ওয়ালশকে ডেলিভারির পর কয়েকবারই হাত তুলে ক্ষমা চাইতে দেখা গেছে অনুতপ্তের ভঙ্গিমায়। ক্রিকেট ভদ্রলোকের খেলা। এভাবে প্রতিপক্ষকে রক্তাক্ত করার কোনো ইচ্ছাই তাঁদের ছিল না।

প্রসহনের মধ্যে দিয়ে শেষ হয় টেস্টের ইতিহাসের সবচেয়ে স্বল্প আয়ুর ম্যাচগুলোর একটি।