৬২ ভোট নিশ্চিত ব্ল্যাটারের!
আর এক মাসও বাকি নেই ফিফা নির্বাচনের। জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী সেপ ব্ল্যাটার ও মোহাম্মদ বিন হাম্মাম। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম কতটা এগিয়েছেন স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে বর্তমান সভাপতি ব্ল্যাটার ভালোই এগিয়েছেন মনে হয়। বলতে পারেন, ২০৮টি ফিফা ভোটের ৬২টি তাঁর বাক্সে পড়া প্রায় নিশ্চিত।দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) আশ্বাস আগেই পেয়েছেন ব্ল্যাটার। এবার উয়েফাও (ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) ব্ল্যাটারকেই সমর্থন দিল। ‘আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে উয়েফার নির্বাহী কমিটি পুরো সমর্থন জোসেপ সেপ ব্ল্যাটারকে দেওয়ার কথা ঘোষণা করছে।’—উয়েফা এক বিবৃতিতে লিখেছে এটা। এই বিবৃতিতে স্বাক্ষর ছিল উয়েফার নির্বাহী কমিটির ১৬ জন সদস্যের। উয়েফার সদস্যসংখ্যা ৫৩। তবে বসনিয়া ও হার্জেগোভিনা নিষিদ্ধ বলে ফিফার নির্বাচনে ভোট দিতে পারবে না। কনমেবলের ১০-এর সঙ্গে ৫২ মিলে ৬২টি ভোট বলতে গেলে নিশ্চিতই হয়ে গেল ব্ল্যাটারের। এদিকে বিন হাম্মাম যদি এএফসির সব ভোট পান তাহলে এক অঞ্চলের ভোট দিয়েই এর কাছাকাছি চলে আসবেন। এএফসির ভোট ৪৬। ব্ল্যাটার আর বিন হাম্মাম, দুজনের কেউই অবশ্য এখনো আফ্রিকা সফর করেননি। এই অঞ্চলের মোট ভোট ৫৫টি।৪০ ভোটের উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের (কনকাকাফ) ফুটবল নেতারা অবশ্য এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। রয়টার্স, ওয়েবসাইট।