৬৬ দিন পর ব্রাদার্সের প্রতিবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগের প্রথম পর্বে ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটা হয়েছে গত ২৫ এপ্রিল। ওই ম্যাচটিকে পাতানো সন্দেহ করে পরদিন জাতীয় দৈনিকগুলোয় প্রতিবেদন ছাপা হয়। ২৬ জুন দ্বিতীয় পর্বের শেখ জামাল-ব্রাদার্স ম্যাচটাকে ঘিরেও ছিল সন্দেহ। পরদিন জাতীয় দৈনিকগুলোতে সেই প্রতিবেদনও ছাপা হয়। ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটা বাফুফের তদন্তাধীন। বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি ম্যাচটির ভিডিও বিশ্লেষণ করে একজন ফুটবল বিশেষজ্ঞকে দিয়ে। টিভিতে সাক্ষাৎকারে ওই বিশেষজ্ঞ বলেছেন, ‘ম্যাচটি সন্দেহজনক।’ তবে ম্যাচটি হয়ে যাওয়ার ৬৬ দিন পর কাল ব্রাদার্স প্রতিবাদ পাঠিয়েছে সংবাদপত্রে। ব্রাদার্সের বক্তব্য, ‘কিছুদিন ধরে আমরা লক্ষ করেছি ব্রাদার্স-রহমতগঞ্জ প্রথম রাউন্ডের ম্যাচ নিয়ে কয়েকটি পত্রিকা বিভিন্নভাবে খেলাটিকে পাতানো বলে অভিহিত করে ব্রাদার্সের সুনামের ব্যাঘাত ঘটানোর অপচেষ্টায় লিপ্ত আছে। ওই দিন আমাদের মূল একাদশের অপরিহার্য দুজন খেলোয়াড় জানকাসা ও জামাল লাল কার্ডের কারণে খেলতে পারেনি। সেই কারণে আমরা সেই ম্যাচটি জিততে পারিনি। ব্রাদার্স সব সময়ই পাতানো খেলার বিরুদ্ধে শক্ত অবস্থান ব্যক্ত করেছে।’ এ বিষয়ে রহমতগঞ্জও কাল প্রতিবাদ জানিয়েছে।