৬৮ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হিটে দ্রুততম সময় করে গিয়েছিলেন ফাইনালে। তবু পারনিল ব্লুম ফেবারিট ছিলেন না। ক্যারিয়ার শুরুর দিকে যে তিনি রিলেতে সাঁতরাতেন!
কিন্তু পরশু রিওর সাঁতার কমপ্লেক্সে বিস্ময়ের জন্ম দিলেন ডেনমার্কের ২২ বছর বয়সী তরুণী। ২৪.০৭ সেকেন্ড সময় করে ৫০ মিটার ফ্রিস্টাইলের সোনাই জিতে নিলেন। কাগজে-কলমে তিনিই এখন অলিম্পিকের দ্রুততম নারী সাঁতারু। এটি তাঁর প্রথম ব্যক্তিগত শিরোপা। রিও অলিম্পিকে ডেনমার্কের প্রথম সোনা।
ইতিহাসের আরেকটি পাতায় দাগ কেটেছেন ব্লুম। অলিম্পিকের সোনাজয়ী ডেনমার্কের তৃতীয় নারী সাঁতারু তিনি। ১৯৪৮ লন্ডন অলিম্পিকে সেই যে ১০০ মিটার ফ্রিস্টাইলে গ্রেটা অ্যান্ডারসন আর ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছিলেন কারেন হারুপ, তার ৬৮ বছর পর তৃতীয় নামটি হলো তাঁর!
উচ্চতা ১.৭১ মিটার। বিজয়ী সাঁতারুদের তুলনায় যথেষ্টই খর্বাকৃতির। এমন শরীরে অলিম্পিক সাফল্য? চারদিক থেকে ‘না, না’ রব শোনা যাচ্ছিল। কিছুদিনের জন্য খেলাটি ছেড়েও দিয়েছিলেন। কিন্তু সাঁতার তাঁর বরাবরই খুব প্রিয় আর সেই টানেই চলে আসেন রিও অলিম্পিকে। এসেই ইতিহাস। জয়ের আনন্দে চোখ ভিজে গেল ব্লুমের। কণ্ঠে দুকূল উপচানো উচ্ছ্বাস, ‘আমি ৫০ ফ্রিস্টাইল সাঁতারটা খুব উপভোগ করি, এটা দারুণ। কিন্তু আমাকে বলা হতো, আমি ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারু হওয়ার পক্ষে যথেষ্টই খাটো। আমার বরং ২০০ মিটার সাঁতরানো উচিত।’
ব্লুমের ০.০২ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সিমোন ম্যানুয়েল। ব্রোঞ্জ জিতেছেন বেলারুশের আলিয়াক্সান্দ্রা হেরাসিমেনিয়া। এএফপি।