৬৯ বছরের শূন্যতা পূরণ করলেন টেলর

প্রতিবেশী হলে নাকি প্রতিদ্বন্দ্বিতাটা একটু বেশি থাকে। ক্রিকেটে ভারত-পাকিস্তান, কিংবা ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দ্বৈরথের ব্যাপ্তি তো আরও বেশি। তা যে কেবল একটি খেলাতেই সীমাবদ্ধ নেই। সব ধরনের খেলাতেই দুই দেশের মধ্যে থাকে লড়াইয়ের ঝাঁজ। কিন্তু ক্রিকেটে এসে সেই লড়াইয়ে বরাবরই পিছিয়ে থাকে নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে সেটি আরও বেশি। ভাবা যায়, প্রতিদ্বন্দ্বিতার ৬৯ বছরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ডাবল সেঞ্চুরি ছিল কোনো কিউই ব্যাটসম্যানের। লজ্জার সেই ইতিহাস আজ মুছে দিলে রস টেলর।
পার্থ টেস্টে তিন দিন ধরেই রান উৎসব চলছে। তিন দিনেই রান উঠেছে ১০৬৯! ওয়াকার পালটে যাওয়া রূপের পুরো ফায়দা তুলছেন দুই দলের ব্যাটসম্যানরা। ওয়ার্নার এবং খাজার পর সেঞ্চুরি পেয়েছেন কেন উইলিয়ামসন এবং রস টেলরও। নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেওয়ার ফাঁকে রেকর্ড বইয়ে আবারও নিজেদের নাম লিখিয়ে ফেলেছেন। ২৬৫ রানের এক জুটি গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। ১৬৬ রানে উইলিয়ামসন আউট হয়ে গেলেও টেলর সেঞ্চুরিকে রূপ দিতে পেরেছেন ডাবল সেঞ্চুরিতে। তাতে প্রায় সাত দশকের অপেক্ষার অবসান। তাঁর ব্যাটে চড়েই দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৫১০। টেলর অপরাজিত আছেন ২৩৫ রান নিয়ে। ‘ডাবল’টিকে ‘ট্রিপলে’ রূপ দেওয়ার ভালো সুযোগ তাঁর সামনে।’
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ইনিংসটি ছিল মার্টিন ক্রোর। ১৯৮৫ সালে ব্রিসবেন টেস্টে ১৮৮ করেছিলেন। তবে ওই টেস্টটি স্মরণীয় হয়ে আছে আরেক কিংবদন্তি রিচার্ড হ্যাডলির কল্যাণে। ওই টেস্টে ১৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দিয়েছিলেন হ্যাডলি।
আজ সারা দিনে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৩৭০ রান। অধিকাংশ রানই নিয়েছেন উইলিয়ামসন ও টেলর। অন্য কোনো ব্যাটসম্যান ফিফটির দেখাও পাননি। রান উৎসবের এমন দিনে অস্ট্রেলিয়ার কোনো বোলারই তেমন কিছু করতে পারেননি। দিনের মধ্যভাগে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট ভেঙে খেলায় একটু বাড়তি উত্তেজনা এনেছিলেন মিচেল স্টার্ক। কিন্তু উইকেট পাওয়ার বেলায় দুর্ভাগ্যের শিকার হওয়ায়, হতাশায় দিনটি পার করতে হয়েছে পুরো অস্ট্রেলিয়া দলকেও। তৃতীয় দিন শেষে যে মাত্র ৪৯ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড দল।