৮ বছর পর...

প্রায় আট বছর পর ট্রান্স ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্রিজ দল। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় ১০ম ট্রান্স ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল উড়াল দেবে ছয় সদস্যের দল।
ব্রিজ ফেডারেশনের সভাপতি ও দলের অধিনায়ক মুশফিকুর রহমান মোহন বললেন, ‘বারমুডা বোলে সুযোগ পাওয়াই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। আগামী বারমুডা বোলের আগে অন্তত ১০টা বড় টুর্নামেন্টে খেলতে চাই। তারই অংশ হিসেবে এ টুর্নামেন্ট খেলা। এ টুর্নামেন্টে আমাদের লক্ষ্য থাকবে ৫০-এর মধ্যে থাকা।’
ব্রিজের বিশ্বকাপকে বলা হয় বারমুডা বোল কাপ। ১৮৭টি দেশের মধ্যে বারমুডা বোল কাপে সুযোগ পায় মোট ২২টি দল। এই ২২টি দলের নারী দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টকে বলে ভেনিস কাপ। টুর্নামেন্ট দুটির আয়োজক ব্রিজের অভিভাবক সংস্থা ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশনের (ডব্লিউবিএফ)। বাংলাদেশ কখনোই সুযোগ পায়নি বারমুডা বোলে।
বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলো নিয়ে আয়োজিত হয় ট্রান্স ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপেই অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এবার মোট ১১৪টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। ওপেন টুর্নামেন্ট বলে একটি দেশ থেকে একাধিক দলও অংশ নিতে পারে। বাংলাদেশ থেকে যাচ্ছে একটি দলই। মোট আটটি ‘জোন’ অংশ নেবে টুর্নামেন্টে। বাংলাদেশ পড়েছে জোন চারে। এ জোনে রয়েছে ভারত, পাকিস্তান, জর্ডান ও আরব আমিরাত।
বাংলাদেশের খেলা হবে ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যে।