৭০ বছরেও তিনি কিশোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক আর সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি—এক সময় দুটো রেকর্ডই ছিল মুশতাকের। ফাইল ছবি
সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক আর সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি—এক সময় দুটো রেকর্ডই ছিল মুশতাকের। ফাইল ছবি

১৫ বছর ১২৪ দিন। এটা এমন একটা বয়স, যে বয়সে সাধারণত সবাই স্কুল, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। বড়জোর পাড়ায় ক্রিকেট বা ফুটবল খেলে সময় পার করে। কিন্তু জাতীয় ক্রিকেট দলে অভিষেক? সেটিও টেস্ট দলের হয়ে! খুবই বিরল ঘটনা। যার কথা বলা হচ্ছে, ক্রিকেট বিশ্ব তাঁকে চেনে বিখ্যাত একটি ক্রিকেট পরিবারের মাধ্যমে। পাকিস্তানের বিখ্যাত ‘মোহাম্মদ পরিবার’। পাকিস্তানের বিখ্যাত পাঁচ মোহাম্মদ ভাইয়ের অন্যতম মুশতাক মোহাম্মদের জন্মদিন আজ। ৭০ পূর্ণ করলেন। তবে মুশতাকের কথা ভাবলে এখনো যেন একটা কিশোরের প্রতিচ্ছবিই ভেসে ওঠে মনে, ১৬ পূর্ণ করার আগেই যে কিশোর টেস্ট ক্রিকেটের কঠিন সমুদ্রে সাঁতরে চলেছে!

সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকের রেকর্ডটা দীর্ঘদিন তাঁরই ছিল। ১৪ বছর ২২৭ দিন বয়সে হাসান রাজাকে নামিয়ে দিয়ে একটা ফাটকা খেলেছিল পাকিস্তান। কিন্তু সেই বাজিটা কাজে লাগেনি। রাজা প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি। মুশতাকের রেকর্ড ভেঙেছিলেন ঠিকই, কিন্তু মুশতাকের মতো ২০ বছর লম্বা হয়নি রাজার ক্যারিয়ার। ৭ টেস্টেই থমকে গিয়েছিলেন, যেখানে মুশতাক খেলেছেন রাজার চেয়ে ৫০টি টেস্ট বেশি!

মোহাম্মদ ভাইদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান তিনি ছিলেন না বটে; তবে ভাইদের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল তাঁর। এমনকি সবচেয়ে বেশি উইকেটও। এদিক দিয়ে ভাই হানিফ মোহাম্মদকে পেরিয়ে গেলেও সত্যি বলতে কি, হানিফই ছিলেন তাঁর প্রেরণা। ১৯৪৩ সালের ২২ নভেম্বর অবিভক্ত ভারতের গুজরাটে জন্ম নেওয়া মুশতাক ক্রিকেটে এসেছিলেন হানিফকে দেখেই। ভাইয়ের কাছ থেকেই যেমন শিখেছিলেন রিভার্স সুইপও।

মাত্র ১৩ বছর ৪১ দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক হয়। অভিষেকেই বুঝিয়ে দেন প্রতিভা। ব্যাট হাতে ৮৭ রানের পাশাপাশি বল হাতে ২৮ রানে ৫ উইকেট। এরপর শুধুই এগিয়ে চলার গল্প। পাকিস্তানের লিগে করাচি ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের হয়ে খেলেছেন। কিন্তু সত্যিকার অর্থেই সাফল্যসিঁড়ি ভেঙেছেন ইংলিশ কাউন্টি দল নর্দাম্পটনশায়ারে হয়ে খেলা শুরুর পর। ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত এখানেই খেলেছেন। ১৯৭৬ সালে দলের অধিনায়কত্বও করেছিলেন। কিন্তু একজন পাকিস্তানির নেতৃত্ব সাদা চামড়ার নাকউঁচু ব্রিটিশরা সহজে হজম করতে পারেনি।

১৯৫৯ সালের ২৬ মার্চ বড় ভাই হানিফের পথ ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক। এর আগে ১৫ বছর বয়সে কারও টেস্ট অভিষেকই হয়নি। শুরুটা অবশ্য তাঁর ভালো হয়নি। সেই লাহোর টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ১৮ রান। ম্যাচটাও হেরে গিয়েছিল পাকিস্তান।

কিন্তু তার পরই হয়ে যায় ইতিহাস। নিজের ৬ নম্বর টেস্টে জন্মভূমি ভারতের বিপক্ষে করলেন সেঞ্চুরি। তখন তার বয়স ছিল ১৭ বছর ৭৮ দিন। সেটাই ছিল টেস্টে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড, যে রেকর্ড ৪০ বছর পর ভেঙে দিয়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। তাঁর এই কীর্তি তখনকার যুগে রীতিমতো হইচই ফেলে দেয়। সে সময়কার তারকা হয়ে ওঠেন মুশতাক।

পাকিস্তানকে ১৯ টেস্টে নেতৃত্বও দিয়েছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই ১৯৭৬-৭৭ সালে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারায়। ১৯৭৮-৭৯ সালে ভারতকে ২-০ ব্যবধানে হারানো সিরিজেও অধিনায়ক ছিলেন। ডেনিস অ্যাটকিনসনের পর তিনি ছিলেন একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার। সত্তরের দশকের প্রথম ক্রিকেটারদের একজন, যাঁদের হাত ধরে শুরু হয়েছিল রিভার্স সুইপের যাত্রা।

সত্তরের দশকের শেষে কেরি প্যাকারের বিদ্রোহী ওয়ার্ল্ড সিরিজে নাম লিখিয়েছিলেন। আবার ফিরেও আসেন জাতীয় দলে। খেলেছেন ১০টি ওয়ানডেও। ১৯৭৯ সালে অবসর। পরে কোচের ভূমিকায় আবার জাতীয় দলে ফিরেছিলেন। ১৯৯৯ বিশ্বকাপে ফাইনালে ওঠা পাকিস্তান দলের কোচ ছিলেন মুশতাক।

নামের পাশে অনেক কীর্তি। তবে ক্রিকেট-রোমান্টিকদের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এক বিস্ময়-কিশোর হিসেবেই।