৭২ ঘণ্টায় সিদ্ধান্ত!
সংবাদ সম্মেলনে নয়, নয় কোনো সরাসরি বিবৃতিতে। ওয়ানডের সফলতম ক্রিকেটারের বিদায়ের ঘোষণা এল বিসিসিআইয়ের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে। ইংল্যান্ড সিরিজের পরপরও যখন অবসর নিলেন না, ধারণা করা হচ্ছিল পাকিস্তান সিরিজটা বুঝি খেলবেন। কিন্তু কাল পাকিস্তান সিরিজের দল ঘোষণার সঙ্গেই এল শচীন টেন্ডুলকারের অবসরের ঘোষণা। টেন্ডুলকার মানে ভারতের সবচেয়ে স্পর্শকাতর বিষয়। বিসিসিআই তাই চটজলদি জানিয়ে দিয়েছে, অবসর নেওয়ার জন্য টেন্ডুলকারকে কোনো চাপ দেওয়া হয়নি। আর টেন্ডুলকারের কথা, ২০১৫ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত হওয়ার সুযোগ দিতেই সরে দাঁড়ানো।অবসরের বিবৃতিতে বিশ্বকাপ জয়ের তৃপ্তিও ব্যক্ত করেছেন টেন্ডুলকার, ‘খেলাটার ওয়ানডে সংস্করণ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ২০১৫ সালে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার প্রস্তুতিপর্ব সঠিক আন্তরিকতার সঙ্গে দ্রুত শুরু করা উচিত। ভবিষ্যতের জন্য দলের প্রতি আমার শুভকামনা থাকল। বছরের পর বছর ধরে নিঃশর্ত সমর্থন ও ভালোবাসার শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’বিসিসিআইয়ের বিবৃতিতেই বলা হয়েছে, সিদ্ধান্তের কথা বোর্ডপ্রধান এন শ্রীনিবাসনকে আগেই জানিয়েছেন টেন্ডুলকার। সিদ্ধান্তটি তাই চমক হয়ে আসেনি বলে জানালেন বোর্ড সচিব সঞ্জয় জাগদালে, ‘এটা আকস্মিক কিছু নয়। দল নির্বাচনের আগেই নিজের সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে সে। বিসিসিআই ও ক্রিকেটপ্রেমীরা যেভাবে ওকে শ্রদ্ধা করে, ওর সিদ্ধান্তকেও সেভাবেই শ্রদ্ধা করা উচিত। ওর মাপের একজন মানুষ জানে কখন কী করতে হয়। সব সময় ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে ও।’টেন্ডুলকারের ঘনিষ্ঠ এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় সিদ্ধান্তটি নিয়েছেন ‘লিটল মাস্টার’। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর মুম্বাই ফিরেই নাকি নিজের মোবাইল বন্ধ করে রেখেছিলেন টেন্ডুলকার, ঘনিষ্ঠদের সঙ্গেও যোগাযোগ করেননি। পরিবার ও কাছের বন্ধুদের নিজের সিদ্ধান্তের কথা জানান শুক্রবার রাতে। আর শনিবার রাতে জানান বোর্ডপ্রধান শ্রীনিবাসনকে। আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন রঞ্জি খেলে। আর অস্ট্রেলিয়া সিরিজের পর ভাববেন টেস্ট ক্যারিয়ার নিয়ে।বোর্ডের প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠি, ‘২৩ বছর ধরে সব ধরনের ক্রিকেট খেলে আসছে, এমন একজনের জন্য এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। অনেক ভেবেই নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছে সে। বোর্ডের তরফ থেকে কোনো চাপ ছিল না। বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে ওর এবং সিদ্ধান্তের ভার শচীনের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। ৫ বছর ধরে এটাই বোর্ডের অবস্থান, কারণ ওর অবসরের গুঞ্জন চলছে সেই ২০০৭ সাল থেকেই।’ ওয়েবসাইট।