৭৪ করে দলকে জেতালেন তামিম
প্রথম ফিফটির জন্য অপেক্ষায় ছিলেন চার ম্যাচ। নিউজিল্যান্ডে তামিম ইকবাল দ্বিতীয় ফিফটি পেয়ে গেলেন পরের ম্যাচেই। রাঙ্গিওরায় কাল ৪৭ বলে ৭৪ রান করেছেন বাংলাদেশ ওপেনার। ক্যান্টারবুরিকে ৫৭ রানে হারিয়েছে তামিমের দল ওয়েলিংটন। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ওয়েলিংটন উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। আগের ম্যাচে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৪৯ বলে ৬৮ করেছিলেন তামিম।ওয়েলিংটনকে আবারও ঝোড়ো সূচনা এনে দিয়েছে তামিম-রাইডারের ওপেনিং জুটি। বাঁহাতি স্পিনার রনি হিরা রাইডারকে (২৪ বলে ৩৭) ফিরিয়ে ভাঙেন ৭ ওভারে ৭১ রানের জুটি। তামিমের ৮ চার ও ৩ ছক্কার ইনিংসও শেষ হয়েছে হিরার বলে, রব নিকোলের হাতে ধরা পড়ে। পরে বেন অর্টনের ৩২ বলে অপরাজিত ৩৭ ও মাইকেল প্যাপসের ১৭ বলে অপরাজিত ৩২ ওয়েলিংটনকে এনে দেয় ২ উইকেটে ১৯০ রান। নতুন বলে ইলি টুসাগার ৪ উইকেট (৪/১৮) ভেঙে দেয় ক্যান্টারবুরির মেরুদণ্ড। শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৩৩ রানে। ওয়েলিংটনের পরের ম্যাচ ১১ জানুয়ারি, প্রতিপক্ষ ওটাগো। ওয়েবসাইট।