দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচনাটা ভালোভাবেই করল শ্রীলঙ্কা। দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও সুরজ রনদিভের দুর্দান্ত বোলিংয়ে গল টেস্টের চতুর্থ দিনেই ৭৫ রানের জয় তুলে নিয়েছেন স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২৬৪ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৬টি উইকেট শিকার করেছেন হেরাথ। সুরজ রনদিভ নিয়েছেন ৪টি উইকেট।২ উইকেটে ১১১ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছিল সফরকারী ইংল্যান্ড। দিনের শুরুতেই ৩০ রান করা পিটারসেনকে ফিরিয়ে শুভ সূচনা করেন রনদিভ। ইতি ঘটে ট্রট ও তাঁর ৭০ রানের জুটির। তবে এরপর আরও বেশ কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন জনাথন ট্রট। পঞ্চম উইকেটে ম্যাট প্রিয়রকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়ে ইংলিশ শিবিরে জয়ের আশাও জাগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু দলীয় ২৩৩ রানের মাথায় প্রিয়র (৪১) ফিরে যাওয়ার পর খুব দ্রুতই শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১১২ রান করে রনদিভের শিকারে পরিণত হন ট্রট।