৭৭ বছর পর মারে...

১৯৩৬ থেকে ২০১৩। মাঝে ৭৭ বছরের প্রতীক্ষা। টেনিসে পুরুষদের এককে উইম্বলডন শিরোপার জন্য ব্রিটিশদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন অ্যান্ডি মারে। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে আজ ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন দুই নম্বরে থাকা মারে। অপেক্ষা ঘুচিয়েছেন ব্রিটিশদের। সুযোগটা অবশ্য গত বছরই এসেছিল। তবে সেবার রজার ফেদেরারের কাছে পেরে ওঠেননি তিনি। সেই গ্লানিটা মুছল বছর ঘুরতে না ঘুরতেই। আজ সেন্টার কোর্টে জোকোভিচকে পরাস্ত করে উইম্বলডনের নিজের প্রথম, আর ক্যারিয়ার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা পেলেন ২৬ বছর বয়সী মারে। ফাইনাল যেমন প্রত্যাশিত হয়, ঠিক তেমনই হলো জোকোভিচ-মারের আজকের ম্যাচটা। জোকোভিচ সরাসরি সেটে হারলেও লড়াইটা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চার ঘণ্টার দীর্ঘ লড়াইয়ের পর শিরোপা নিশ্চিত করতে সমর্থ হন মারে। ১৯৩৬ সালে উইম্বলডনের পুরুষ এককের শিরোপা জিতেছিলেন ফ্রেড পেরি। এরপর প্রতিবছর উইম্বলডন আসে, ব্রিটিশরা আশায় বসতি গড়ে। আর প্রতিবছরই ব্রিটিশদের প্রাপ্তি কেবল দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের অবসান ঘটল আজ, প্রায় আট দশক পর। শুধু উইম্বলডন কেন, ১৯৩৬ সালের পর গ্র্যান্ড স্লাম শিরোপারই দেখা পাচ্ছিল না ব্রিটিশরা। সেটার দেখা মেলে গত বছর, দীর্ঘ ৭৬ বছর অপেক্ষার পর। জোকোভিচকে হারিয়ে সেই মাহেন্দ্রক্ষণটা এনে দিয়েছিলেন অ্যান্ডি মারেরই। সূত্র: রয়টার্স।