৭৭ বছর পর ল্যাঙ্কাশায়ার
বার্তা সংস্থা শুধু খবরটাই পাঠিয়েছে, ছবি নয়। তাই বলার উপায় নেই ম্যাচ শেষে ল্যাঙ্কাশায়ারের খেলোয়াড়দের উদ্যাপনটা কেমন হয়েছে। লাগামছাড়া উদ্যাপনই হওয়ার কথা। এক, দুই বছর বা দশক নয়, ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ যে তারা জিতল ৭৭ বছর পর।পরশু টন্টনে সমারসেটের বেঁধে দেওয়া ২১১ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৮ উইকেট হাতে রেখেই। অন্যদিকে চ্যাম্পিয়নশিপে তাদেরই নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ারউইকশায়ার ড্র করেছে হ্যাম্পশায়ারের সঙ্গে। শেষ সেশনেই ২১১ রান তুলতে হয়েছে তাদের। বলা যায়, টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালাতে হয়েছে ব্যাটসম্যানদের। ল্যাঙ্কাশায়ারের এই জয়ে সবচেয়ে বড় অবদান দুই ওপেনার স্টিভেন মুর আর পল হর্টনের। মাত্র ১৭ ওভারেই ১৩১ রান তুলে দিয়েছিলেন এঁরা। তিন বলের ব্যবধানে দুই ওপেনার বিদায় নিলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই সাজঘরে ফেরেন স্টিভেন ক্রফট (৪০*) ও কার্ল ব্রাউন (৩৩*)। মাত্র ২৯.১ ওভারে ২১৩ রান করে শিরোপা-খরা ঘুরিয়েছে ল্যাঙ্কাশায়ার।সর্বশেষ ১৯৩৪ সালে কাউন্টি জিতেছিল ক্লাবটি। এরপর ক্লাইভ লয়েড, ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরালিধরন, ব্রায়ান স্ট্যাথাম, স্টুয়ার্ট ল, মাইক আথারটনদের নিয়েও আর জিততে পারেনি। তাই এবার শিরোপা জিততে পেরে অধিনায়ক গ্লেন চ্যাপেলের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘এটা অবিশ্বাস্য এক অনুভূতি।’ এএফপি।