৮ উইকেটের সহজ জয় চেন্নাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক হাসি ও সুরেশ রায়নার দুর্দান্ত ব্যাটিংয়ে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।দ্বিতীয় ওভারেই মুরলি বিজয়কে সাজঘরে ফিরিয়ে শুরুটা ভালোভাবেই করেছিল রাজস্থান। কিন্তু এরপর রাজস্থান বোলারদের শুধু হতাশই করেছেন মাইক হাসি ও সুরেশ রায়না। দ্বিতীয় উইকেটে গড়েছেন ১৩৭ রানের এক চমত্কার জুটি। একেবারে শেষ মুহূর্তে রায়না ৬১ রান করে আউট হয়ে গেলেও শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ওপেনার হাসি। ৫৫ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংসটি এসেছে তাঁর ব্যাট থেকে।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে রাজস্থান। উদ্বোধনী জুটিতেই ৮৬ রানের জুটি গড়ে শুরুটা ভালোভাবেই করে দিয়েছিলেন দুই ওপেনার শেন ওয়াটসন ও রাহুল দ্রাবিড়। কিন্তু এরপর আর কোন বড় জুটি গড়ে তুলতে পারেন নি রাজস্থান ব্যাটসম্যানরা। মিডল অর্ডারে রস টেলর (২০) ছাড়া আর কেউই পেরোতে পারেন নি দুই অঙ্কের কোটা। ৩২ রান করে সাজঘরে ফিরেছিলেন শেন ওয়াটসন। ৫১ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন রাহুল দ্রাবিড়। চেন্নাইয়ের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন অ্যালবি মরকেল ও শাদাব জাকাতি।